
নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও আলোচিত সন্ত্রাসী টিপু সুলতানের ঘনিষ্ঠ সহযোগী এবং জেলা মোটর শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম রয়েল এখন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক এসকে শাহিনের বডিগার্ড হিসেবে আত্মপ্রকাশ করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ দেড় দশক ধরে ‘গডফাদার’ খ্যাত শামীম ওসমানের পুত্র অয়ন ওসমানের ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত টিপু সুলতানের সঙ্গে একই কাতারে থেকে আওয়ামী লীগের বিভিন্ন মিছিল-মিটিংয়ে সক্রিয় ছিলেন রয়েল। ছাত্রলীগের নাম ব্যবহার করে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ নানা অপকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এছাড়াও তিনি নারায়ণগঞ্জ জেলা মোটর শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পালন করেছেন। আওয়ামী দুঃশাসনের অবসান ঘটলেও রয়েলের মতো দুর্ধর্ষ অপরাধীরা এখনো বিভিন্ন রাজনৈতিক ছত্রচ্ছায়ায় সক্রিয় রয়েছে বলে অভিযোগ উঠেছে।
সূত্রমতে, বর্তমানে রবিউল ইসলাম রয়েল ফতুল্লা থানা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক এসকে শাহিনের ঘনিষ্ঠ সহযোগী ও বডিগার্ড হিসেবে কাজ করছেন। প্রায়ই তাকে এসকে শাহিনের সঙ্গে চলাফেরা করতে দেখা যাচ্ছে। অভিযোগ রয়েছে, রয়েলকে ব্যবহার করে আওয়ামী শাসনামলের বিভিন্ন অপকর্ম নিজের নিয়ন্ত্রণে রাখছেন এসকে শাহিন।
এ ঘটনায় বিএনপির প্রার্থী ও স্থানীয় নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা রবিউল ইসলাম রয়েলকে দ্রুত গ্রেফতার এবং স্বেচ্ছাসেবকদল নেতা এসকে শাহিনের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :