
ন্যাপ নেতা শামসুল হকের ২১ তম মৃত্যুবার্ষিকী আজ
নারায়ণগঞ্জ জেলা বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)-এর সাবেক সভাপতি, এনায়েতনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়-এর প্রতিষ্ঠাতা মরহুম শামসুল হকের ২১তম মৃত্যুবার্ষিকী আজ।
রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তিনি ছিলেন একজন সুপরিচিত ও নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব। দীর্ঘদিন ধরে ন্যাপের রাজনীতির সঙ্গে যুক্ত থেকে তিনি নারায়ণগঞ্জ জেলায় সংগঠনকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পাশাপাশি স্থানীয় সরকার প্রতিনিধি হিসেবে এনায়েতনগর ইউনিয়নের চেয়ারম্যান থাকাকালীন সময়েও এলাকার উন্নয়ন, শিক্ষা বিস্তার ও জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন। তার প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হরিহরপাড়া উচ্চ বিদ্যালয় আজও শিক্ষার আলো ছড়িয়ে চলেছে।
এছাড়াও তিনি পঞ্চবটি এলাকার বায়তুল একরাম জামে মসজিদ-এর সাবেক মোতয়াল্লি হিসেবে দায়িত্ব পালন করেন। ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে তার সক্রিয় অংশগ্রহণ এলাকাবাসীর কাছে তাকে সম্মানিত ব্যক্তিত্বে পরিণত করে।
তার ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বায়তুল একরাম জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হবে। এছাড়াও পরিবারের পক্ষ থেকে তার কবরে শ্রদ্ধা নিবেদন ও দোয়ার আয়োজন করা হবে।
গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন মরহুমের বড় ছেলে, সমাজসেবক মাহবুবুল হক মাসুদ। তিনি জানান, তার পিতা আজীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তিনি সবার কাছে মরহুম শামসুল হকের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রার্থনা করেছেন।
আপনার মতামত লিখুন :