
কাশিপুরে সাইদুর রহমানের নেতৃত্বে মাদকবিরোধী প্রতিবাদ সভা
সরকারি তোলারাম বিশ্ববিদ্যালয় ও কলেজ শাখার সাবেক সাধারণ সম্পাদক এবং নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সদ্য সাবেক সহ-সভাপতি সাইদুর রহমানের নেতৃত্বে কাশিপুরে মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
২৭ ফেব্রুয়ারি (শুক্রবার) জুমার নামাজের পর কাশিপুরের মধ্য নরসিংপুর এলাকায় বিভিন্ন মসজিদ কমিটির সদস্য ও স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে এ কর্মসূচি পালন করা হয়। মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নরসিংপুর প্রাথমিক বিদ্যালয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাশিপুরের বিভিন্ন পঞ্চায়েত কমিটির সদস্যবৃন্দ, সচেতন নাগরিক প্রতিনিধিরা, শিক্ষক, ছাত্র প্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে ফতুল্লা থানা পুলিশের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে সমাজকে মাদকমুক্ত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ছাত্রনেতা সাইদুর রহমান তার বক্তব্যে বলেন, “মাদক আমাদের সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ভয়াবহ অভিশাপ। যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে এখনই সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে। কাশিপুরকে মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে আমরা স্থানীয় জনগণ, প্রশাসন ও সামাজিক সংগঠনগুলোর সঙ্গে সমন্বয় করে ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাবো। কোনো মাদক ব্যবসায়ী বা সেবনকারীকে ছাড় দেওয়া হবে না, সচেতনতা ও সামাজিক আন্দোলনের মাধ্যমেই এই অপশক্তিকে রুখে দেওয়া হবে।”
অনুষ্ঠানে সাইদুর রহমানের উদ্যোগকে প্রশংসা করে এ ধরনের কাজে সাইদুর রহমানকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস প্রদান করে প্রশাসনিক কর্মকর্তারা।
আপনার মতামত লিখুন :