

পাগলায় গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত প্রায় ২০ শ্রমিক
নারায়ণগঞ্জ সদর উপজেলার পাগলার তালতলা এলাকায় একটি গার্মেন্টসে বয়লার বিস্ফোরণে প্রায় ২০ জন শ্রমিক আহত হয়েছেন।
আজ শুক্রবার (১৯ জুন) সকাল আনুমানিক ৮টা ৪০ মিনিটে নির্জন গার্মেন্টসে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, বিস্ফোরণের পরপরই কারখানার ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক শ্রমিক দ্রুত বের হতে গিয়ে বাধার সম্মুখীন হন।
অভিযোগ রয়েছে, কারখানার অভ্যন্তরীণ সড়কে মালামাল রাখায় বের হওয়ার পথ আংশিক বন্ধ ছিল, ফলে অনেকে আটকা পড়ে আহত হন।
শ্রমিকদের দাবি, বয়লারটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল এবং এ বিষয়ে পূর্বেই মালিকপক্ষকে জানানো হয়েছিল। কিন্তু যথাযথ ব্যবস্থা না নেওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে। তারা মালিকপক্ষের অবহেলাকেই বিস্ফোরণের জন্য দায়ী করছেন।
ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ শ্রমিকরা নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী পুরাতন সড়ক প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
এ সময় গার্মেন্টসের পিএম জসীম উদ্দীন ও সুপারভাইজার মনিরকে শ্রমিকরা অবরোধ করে গণধোলাই দেন বলে জানা গেছে।
খবর পেয়ে ঘটনাস্থলে ফতুল্লা থানা পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে স্থানীয় বিএনপি নেতা ও ফতুল্লা থানা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক বাবুল আহমেদের হস্তক্ষেপে শ্রমিকদের শান্ত করা হয়। তিনি শ্রমিকদের ন্যায্য দাবি মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের আশ্বাস দেন।
আহতদের মধ্যে আরবিন, জাকির, মঞ্জু, শাহীন, জয়, রিদয়, সাবিনা, খাদিজা, নাসিমা, আল আমিন ও অন্তরসহ আরও অনেকে রয়েছেন।
তাদের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ফতুল্লা মডেল থানার ওসি জানান, খবর পেয়ে দ্রুত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। শ্রমিকরা সড়ক অবরোধ তুলে নিয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আপনার মতামত লিখুন :