সিদ্ধিরগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার


Saimoon Islam প্রকাশের সময় : জুন ১৯, ২০২৬, ৪:১৫ অপরাহ্ন / ১০০০
সিদ্ধিরগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১)।

 

শুক্রবার (১৯ জুন) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-১১ এর অপস অফিসার ক্যাপ্টেন মো. রওনক এরফান খান।

 

এর আগে বৃহস্পতিবার (১৮ জুন) রাত সাড়ে ১০টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামি হলেন ইলিয়াস হোসেন ওরফে জয় (২৭)।

 

তিনি নরসিংদীর রায়পুরা উপজেলার গোকনগর এলাকার মৃত হারুন মিয়ার ছেলে। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের ফতুল্লার নয়ামাটি এলাকায় বসবাস করতেন।

র‌্যাব-১১ জানায়, ২০১৯ সালে ফতুল্লা থানায় দায়ের করা একটি হত্যা মামলার বিচার শেষে নারায়ণগঞ্জের আদালত ইলিয়াস হোসেনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। রায়ের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

 

পলাতক এই সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে র‌্যাব-১১ এর সদর কোম্পানির একটি দল দীর্ঘদিন ধরে গোয়েন্দা নজরদারি চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জালকুড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

র‌্যাব জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।