
সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছিনতাইকারীর কবলে খোরশেদ!
নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছিনতাইকারীদের কবলে পড়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতা মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। তবে সহযাত্রীদের সাহসিকতা ও দ্রুত প্রতিক্রিয়ার কারণে কোনো হতাহত বা মালামাল লুটের ঘটনা ঘটেনি।
শুক্রবার (২২ মে) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে নিজেই এ ঘটনার বর্ণনা দেন খোরশেদ। এরপর বিষয়টি নিয়ে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়।
খোরশেদ বলেন, নোয়াখালীতে একটি বিয়ের অনুষ্ঠান শেষে তিনি ঢাকায় ফিরছিলেন। রাত আনুমানিক ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা ও দাউদকান্দি সেতুর মাঝামাঝি এলাকায় যানজটে তাদের গাড়ি আটকে পড়ে। গরমের কারণে গাড়ির জানালা খোলা ছিল।
তিনি আরও বলেন, এসময় কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে যানজটে আটকে থাকা বিভিন্ন গাড়ির কাছে গিয়ে আতঙ্ক সৃষ্টি করতে থাকে। একপর্যায়ে তারা খোরশেদের গাড়ির কাছে এসে চালকের গলায় চাকু ধরে এবং মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র দিতে বলে।
খোরশেদ বলেন, পরিস্থিতি মুহূর্তের মধ্যে ভয়াবহ হয়ে উঠলেও গাড়িতে থাকা সহযাত্রীরা চিৎকার শুরু করেন এবং কয়েকজন দরজা খুলে নিচে নেমে গেলে ছিনতাইকারীরা দ্রুত সরে পড়ে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে তাৎক্ষণিক সহায়তা পাওয়া যায়।
আপনার মতামত লিখুন :