
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই কিশোর অপরাধী দলের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত পৌনে ১০টা পর্যন্ত তারাব বাজার এলাকায় এ সংঘর্ষ চলে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান জেলা পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (‘গ’ সার্কেল) মেহেদী ইসলাম।
তিনি বলেন, মাদক ব্যবসা ও অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে অভিযুক্ত শ্রাবণ ওরফে কুত্তা শ্রাবণ এবং নাজমুলের নেতৃত্বাধীন দুই কিশোর গ্যাংয়ের সদস্যরা এ সংঘর্ষে জড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকেও কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়তে হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তরুণ বয়সী শ্রাবণ তারাব পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের তারাব বাজার এলাকার মাদক ব্যবসার একটি অংশ নিয়ন্ত্রণ করতেন। তাঁর নেতৃত্বে এলাকায় একটি কিশোর গ্যাং সক্রিয় রয়েছে। গত বছর শ্রাবণ গ্রেপ্তার হলে ওই এলাকার মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নেয় নাজমুল। কয়েকদিন আগে জামিনে মুক্ত হয়ে শ্রাবণ এলাকায় ফিরলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় উভয় পক্ষ দেশীয় ধারালো অস্ত্রের পাশাপাশি আগ্নেয়াস্ত্রও ব্যবহার করে। এতে দুই পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেলেও আহতদের সুনির্দিষ্ট সংখ্যা নিশ্চিত করতে পারেননি স্থানীয়রা।
আপনার মতামত লিখুন :