সোনারগাঁয়ের মাদক মামলায় তিনজনের যাবজ্জীবন


Saimoon Islam প্রকাশের সময় : অগাস্ট ২০, ২০২৬, ৫:৫৫ অপরাহ্ন / ১০০০
সোনারগাঁয়ের মাদক মামলায় তিনজনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৪৬ হাজার ইয়াবা উদ্ধারের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

বৃহস্পতিবার (২০ আগস্ট) নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ।

 

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন ঝিনাইদহের মহেশপুর এলাকার আয়নুদ্দিন শেখের ছেলে মো. শরিফুল ইসলাম ওরফে শরিফ (৩৫), নেত্রকোনার দুর্গাপুরের মো. হাছেন আলীর ছেলে মো. হৃদয় মিয়া ওরফে মাইন উদ্দিন (৩৩) এবং গাজীপুরের চাংকিরটেক ভাওয়ালপাড়ার আশরাফুল আলমের ছেলে মো. সাইফুল ইসলাম (২১)। তাঁদের মধ্যে শরিফুল ইসলাম পলাতক রয়েছেন।

 

আদালত ও মামলার নথি সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৫ ডিসেম্বর রাতে সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালায় পুলিশ। এ সময় ‘রিলাক্স কিং’ নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৪৬ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, উদ্ধার করা ইয়াবার ওজন প্রায় চার কেজি এবং আনুমানিক বাজারমূল্য এক কোটি ৩৮ লাখ টাকা। এ ঘটনায় সোনারগাঁ থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মো. ইমরান হোসেন বাদী হয়ে মামলা করেন।

 

পরে মামলার তদন্ত শেষে তিন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। বিচারিক কার্যক্রম শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁদের যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।

 

একই সঙ্গে প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

 

রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।