বিদেশি পিস্তল-গুলিসহ ‘মানিক গ্রুপের’ ৩ সদস্য গ্রেপ্তার


Saimoon Islam প্রকাশের সময় : অগাস্ট ২০, ২০২৬, ৫:১৬ অপরাহ্ন / ১০০০
বিদেশি পিস্তল-গুলিসহ ‘মানিক গ্রুপের’ ৩ সদস্য গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসী কার্যক্রমের জন্য গোপন বৈঠক চলাকালে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে দেশীয় বিভিন্ন অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

 

বুধবার (১৯ আগস্ট) রাত ৭টা ৪৫ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানার মিতালী মার্কেটের ২ নম্বর ভবনের চতুর্থ তলার একটি কক্ষে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কুমিল্লার দেবিদ্বার থানারপাড়া এলাকার এমরান সাকিব (২৬), লাকসামের গাজীরবাগ এলাকার নুর মোহাম্মদ মো. হৃদয় (২২) এবং লাঙ্গলকোটের মেলকট এলাকার মো. জোবায়ের (২০)। তারা বর্তমানে নারায়ণগঞ্জের ফতুল্লার বিভিন্ন এলাকায় বসবাস করেন বলে জানিয়েছে পুলিশ।

 

পুলিশ জানায়, জেলা গোয়েন্দা শাখার ক-জোনের ওসি পরিদর্শক নজরুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।

 

ডিবির দাবি, সাইনবোর্ড এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনাকারী ‘মানিক গ্রুপের’ সদস্যরা সেখানে গোপন বৈঠক করছিলেন। অভিযানের সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

 

এ ছাড়া উদ্ধার করা হয়েছে সাইকেলের স্পোক দিয়ে বিশেষ কায়দায় তৈরি দুটি কুড়াল, লোহার হাতলযুক্ত একটি কুড়াল, দুটি ছুরি, একটি টিপ চাকু ও একটি এসএস পাইপ।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা গত মঙ্গলবার (১৮ আগস্ট) ফতুল্লার শান্তিধারা এলাকায় প্রতিপক্ষ ‘মিলন-সাজিদ গ্রুপের’ সঙ্গে সংঘর্ষ এবং আগ্নেয়াস্ত্র প্রদর্শনের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে ডিবি।

 

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।