এনায়েতনগর বিএনপির সভাপতি আলমগীরকে নিয়ে ক্ষোভ, এবার মুখ খুললেন মৎসজীবী দল নেতা তারেক শুভ


Saimoon Islam প্রকাশের সময় : অগাস্ট ৯, ২০২৬, ৮:৫৭ অপরাহ্ন / ১০০০
এনায়েতনগর বিএনপির সভাপতি আলমগীরকে নিয়ে ক্ষোভ, এবার মুখ খুললেন মৎসজীবী দল নেতা তারেক শুভ

এনায়েতনগর বিএনপির সভাপতি আলমগীরকে নিয়ে ক্ষোভ, এবার মুখ খুললেন মৎসজীবী দল নেতা তারেক শুভ

 

 

 

নারায়ণগঞ্জের ফতুল্লার এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট আলমগীরকে ঘিরে দলের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের বিষয়টি আবারও সামনে এসেছে। এবার তার বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন এনায়েতনগর ইউনিয়ন মৎসজীবী দলের সভাপতি তারেক হাসান শুভ।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে তারেক হাসান শুভ অভিযোগ করেন, বিসিক শিল্পনগরীর ঝুট ব্যবসা নিয়ন্ত্রণে এনায়েতনগর ইউনিয়ন বিএনপির কিছু নেতাকর্মী পেশিশক্তির ব্যবহার করছেন। একইসঙ্গে আন্দোলন-সংগ্রামে রাজপথে থাকা নেতাকর্মীরা হামলা-মামলার শিকার হলেও বর্তমানে কেউ কেউ সেই আন্দোলনের সুফল ভোগ করছেন বলেও দাবি করেন তিনি।

 

তারেক শুভ আরও অভিযোগ করেন, তৃণমূলের নেতাকর্মীদের মূল্যায়ন না করে দলীয় পর্যায়ে একটি অংশ নিজেদের প্রভাব বিস্তার করছে। বড় নেতাদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, অনেক বিষয়ই তৃণমূলের কাছে পরিষ্কার নয়।

 

এদিকে, এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট আলমগীরের বিরুদ্ধে এর আগেও বক্তব্য দিয়েছিলেন ফতুল্লা থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক রিয়াদ দেওয়ান। এবার একই ব্যক্তির বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুললেন মৎসজীবী দল নেতা তারেক হাসান শুভ।

 

দলীয় নেতাকর্মীদের অভিযোগ, আলমগীরের বিরুদ্ধে স্বজনপ্রীতি, দলীয় নেতাকর্মীদের অবমূল্যায়ন এবং সাংগঠনিক কর্মকাণ্ডে পক্ষপাতিত্বসহ নানা অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে অ্যাডভোকেট আলমগীরের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

 

তারেক শুভ তার বক্তব্যে আরও বলেন, নিজেদের অধিকার আদায়ে এখন থেকে তারা প্রতিবাদ চালিয়ে যাবেন এবং কাউকে ছাড় দেওয়া হবে না।

 

এদিকে একের পর এক তৃণমূল নেতার প্রকাশ্য ক্ষোভের ঘটনায় এনায়েতনগর ইউনিয়ন বিএনপির অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। নেতাকর্মীদের অভিযোগগুলো দলীয়ভাবে কীভাবে মূল্যায়ন করা হবে, সেটিই এখন দেখার বিষয়।