

চাঁদনী হাউজিংয়ের জলাবদ্ধতা নিরসনে ড্রেন লাইন স্থাপন,পাকা সেচঘর ও পাম্প স্থাপনের স্থান পরিদশর্ন করলেন সাদ আহমদ ও আলিফ দেওয়ান
নারায়ণগঞ্জের ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নের ২নং ওয়ার্ডের চাঁদনী হাউজিং এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে ড্রেন লাইন স্থাপন, পাকা সেচঘর ও সহযোগী পাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এলাকার জলাবদ্ধতা ও সংশ্লিষ্ট সমস্যাগুলো সরেজমিনে পরিদর্শন করেছেন মাননীয় এমপি আব্দুল্লাহ আল আমিনের রাজনৈতিক সচিব সাদ আহমদ এবং জেলা যুগ্ম সদস্য সচিব আলিফ দেওয়ান।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে চাঁদনী হাউজিং এলাকায় জলাবদ্ধতার কারণে প্রায় ১৫০টিরও বেশি পরিবার দুর্ভোগ পোহাচ্ছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তাঘাট ও বসতবাড়ির আশপাশে পানি জমে যায়। এতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি সৃষ্টি হচ্ছে নানা ভোগান্তি।
এলাকাবাসী জানান, পানি নিষ্কাশনের জন্য বর্তমানে যে সেচঘরটি রয়েছে, সেটি টিনের হওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগতে হচ্ছে। প্রায়ই চোরের কারণে সেচঘরের মোটর ও বৈদ্যুতিক তার চুরি হয়ে যায়। ফলে পানি নিষ্কাশন কার্যক্রমও ব্যাহত হয়।
জলাবদ্ধতা নিরসনে স্থানীয়দের দাবি, এলাকায় একটি নতুন বাইপাস ড্রেন লাইন স্থাপনের পাশাপাশি সেচঘরটি পাকা করা এবং প্রয়োজনীয় সহযোগী পাম্প স্থাপন করা জরুরি।
এ বিষয়ে এলাকাবাসী জেলা যুগ্ম সদস্য সচিব আলিফ দেওয়ানের মাধ্যমে এমপি আব্দুল্লাহ আল আমিনের কাছে বিষয়টি অবহিত করেন। পরে সমস্যা সরেজমিনে পরিদর্শন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এমপির রাজনৈতিক সচিব সাদ আহমদকে ঘটনাস্থলে পাঠানো হয়।
পরিদর্শনকালে সাদ আহমদ এলাকাবাসীর সঙ্গে কথা বলেন এবং জলাবদ্ধতার সমস্যা ও পানি নিষ্কাশন ব্যবস্থার বিভিন্ন দিক সম্পর্কে অবগত হন। তিনি এলাকাবাসীকে আশ্বস্ত করে বলেন, দীর্ঘদিনের এই সমস্যা সমাধানে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
এলাকাবাসী আশা করছেন, দ্রুত বাইপাস ড্রেন লাইন, পাকা সেচঘর ও পাম্প স্থাপনের মাধ্যমে চাঁদনী হাউজিংয়ের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান হবে।
আপনার মতামত লিখুন :