

এমপি মান্নানের ‘রাজনৈতিক সচিব’ ছেলে সজিব
নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান তার ছেলে বহিষ্কৃত যুবদল নেতা খাইরুল ইসলাম সজিবকে নিজের রাজনৈতিক সচিব হিসেবে নিয়োগ দিয়েছেন।
রোববার (৯ আগস্ট) আজহারুল ইসলাম মান্নান এ নিয়োগ দেন। এ নিয়োগের বিষয়ে অবগতির অনুলিপি জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, র্যাব-১১ ও বিজিবি-৬২ ব্যাটেলিয়নের অধিনায়ক এবং উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি দপ্তরে পাঠানো হয়েছে।
আজহারুল ইসলাম মান্নান স্বাক্ষরিত এ নিয়োগপত্রে বলা হয়েছে- সজিব তার সংসদ সদস্য বাবাকে নির্বাচনী এলাকার বিভিন্ন কার্যক্রম সমন্বয়, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রক্ষায় সহায়তা প্রদান করবেন।
খাইরুল ইসলাম সজিব জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন। পরে তিনি জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হন। গত ২১ জুন দুপুরে রাজধানীর নিজ বাসা থেকে তাকে আটক করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে তাকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আনা হয়।
ওই সময় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী সাংবাদিকদের বলেন, চাঁদাবাজির একাধিক অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছে। যদিও জিজ্ঞাসাবাদের পরে মুচলেকায় পরিবারের জিম্মায় খাইরুল ইসলাম সজিবকে ছেড়ে দেয় পুলিশ।
কিন্তু ছেড়ে দেওয়ার আগেই জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটি জেলা কমিটির পদ থেকে সজিবকে বহিষ্কার করে।
এবার তিনি সংসদ সদস্য বাবার রাজনৈতিক সচিব হিসেবে নিয়োগ পেলেন।
এর আগে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামও তার ছেলে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশাকে নিজের রাজনৈতিক সচিব হিসেবে নিয়োগ দেন। চারবারের এ সংসদ সদস্যের ছেলে আশা নিজেও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর ছিলেন।
আপনার মতামত লিখুন :