

নারায়ণগঞ্জের উন্নয়ন ও ব্যবসা-বাণিজ্যের স্বার্থে জেলার পাঁচ সংসদ সদস্যকে দল-মতের ঊর্ধ্বে উঠে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। তিনি বলেছেন, সবাই ঐক্যবদ্ধ থাকলে নারায়ণগঞ্জকে আগের অবস্থানে ফিরিয়ে আনা সম্ভব।
শনিবার (৮ আগস্ট) দুপুরে নগরের চাঁদমারী এলাকায় চেম্বার ভবনে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
আজহারুল ইসলাম মান্নান বলেন, “পাঁচ সংসদ সদস্য এক থাকলে নারায়ণগঞ্জকে আগের অবস্থানে ফিরিয়ে আনতে পারব।”
তিনি আরও বলেন, “আমরা সবাই এক আছি। আমি কাউকে অন্য দলের মনে করি না। আমাদের মধ্যে কোনো বিভক্তি থাকা উচিত নয়।”
নারায়ণগঞ্জের অবস্থান নিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, “আমরা কেন এক নম্বর বা দুই নম্বর সিটি করপোরেশন হতে পারছি না এটা আমাদের ব্যর্থতা।”
অতীত নেতৃত্বের সমালোচনা করে মান্নান বলেন,“আগে যারা নেতৃত্ব দিয়েছেন, তারা নিজেদের স্বার্থ ছাড়া অন্য কিছু বোঝেননি।”
৫ আগস্টের পর ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার প্রসঙ্গ তুলে তিনি বলেন, “ভিডিও ফুটেজে দেখা গেছে, কিছু জায়গায় নিজেদের লোক দিয়েই ক্ষয়ক্ষতি করানো হয়েছে।”
ব্যবসায়ীদের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, “নারায়ণগঞ্জে আমরা চেষ্টা করছি যেন কোনো ব্যবসায়ী হয়রানির শিকার না হন।”
তিনি আরও যোগ করেন, “সোনারগাঁ বা সিদ্ধিরগঞ্জে কোনো ব্যবসায়ী বলতে পারবেন না যে তাদের ওপর অন্যায় হয়েছে।”
নারায়ণগঞ্জকে মেট্রোপলিটন শহর হিসেবে গড়ে তোলার প্রত্যাশা জানিয়ে তিনি বলেন, “আমরা চাই নারায়ণগঞ্জকে একটি পূর্ণাঙ্গ মেট্রোপলিটন সিটি হিসেবে গড়ে তুলতে।”
সবশেষে ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, “আপনাদের কোনো সমস্যা হলে আমাদের জানাবেন। আমরা সব সময় পাশে থাকতে চাই।”
আপনার মতামত লিখুন :