শহরের প্রধান সড়ক বঙ্গবন্ধু সড়কের ফুটপাতে আবারও হকার


Saimoon Islam প্রকাশের সময় : মে ৯, ২০২৬, ৯:০২ অপরাহ্ন / ১০০০
শহরের প্রধান সড়ক বঙ্গবন্ধু সড়কের ফুটপাতে আবারও হকার

শহরের প্রধান সড়ক বঙ্গবন্ধু সড়কের ফুটপাতে আবারও হকার

 

নারায়ণগঞ্জ শহরের প্রধান সড়ক বঙ্গবন্ধু সড়কের ফুটপাতে আবারও হকার বসতে শুরু করেছেন। এতে পথচারীদের চলাচলে ভোগান্তি বাড়ার পাশাপাশি সড়কে যানজটও সৃষ্টি হচ্ছে।

 

শনিবার (৯মে) চাষাঢ়া বঙ্গবন্ধু ও নবাব সলিমুল্লাহ সড়কে ফুটপাতে হকারদের বসতে দেখা যায়।

 

বিশেষ করে চাষাঢ়া, পানোরামা প্লাজা ও সায়াম প্লাজার আশপাশের ফুটপাতগুলো দখল করে বিভিন্ন পণ্যের দোকান বসাতে দেখা গেছে।

 

থচারীরা অভিযোগ করেন, ফুটপাত দখল হয়ে যাওয়ায় বাধ্য হয়ে সড়ক দিয়ে হাঁটতে হচ্ছে। এতে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।

 

পথচারী সঞ্জয় দাস বলেন, উচ্ছেদের পর দুয়েকদিন বসতে দেখিনি। কিন্তু এরপর থেকে তো তাদেরকে নিয়মিতই দেখি।

 

তিশা নামে এক মহিলা বলেন, ফুটপাতে চলাচলে কিছুটা কষ্ট হলেও কিছু করার নেই। কারণ এখন থেকেই বাচ্চাদের জন্য কম দামে জামা কাপড় কিনি।

 

এদিকে হকারদের দাবি, ঈদ উপলক্ষ্যে বাধ্য হয়েই জীবিকার তাগিদে তারা ফুটপাতে বসছেন।

 

উল্লেখ, গত ১৩ এপ্রিল শহরের সড়ক ও ফুটপাত দখল করে থাকা হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদ করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। এ সময় জেলা প্রশাসন, পুলিশসহ রাজনৈতিক নেতারাও ছিলেন অভিযানে। তবে, গত কয়েকদিন ধরেই ফুটপাতে আবারও বসার দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন হকাররা। এর মধ্যে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসক ও নাসিক প্রশাসক বরাবর স্মারকলিপিও দিয়েছেন হকার নেতারা।

 

এদিকে নাসিকের উচ্ছেদ কর্মীদের নিয়মিত অভিযানে হকাদের হামলার ঘটনায় মঙ্গলবার (৫ মে) রাতে নাসিকের আইন কর্মকর্তার দায়িত্বে থাকা মিজানুর রহমান বাদী হয়ে সদর মডেল থানায় একটি মামলা ও দায়ের করা হয়।