চট্টগ্রামে যাত্রীবাহী বাসে তল্লাশি, বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২


Saimoon Islam প্রকাশের সময় : নভেম্বর ২২, ২০২৬, ১:৪১ অপরাহ্ন / ১০০০
চট্টগ্রামে যাত্রীবাহী বাসে তল্লাশি, বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও তিন রাউন্ড তাজা গুলিসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার করেরহাট ইউনিয়নের নয়টিলা মাজার গেট এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে শান্তি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফেনী সদর উপজেলার ইবনে জাহিদ (৩৪) ও সোনাগাজী উপজেলার সালাহ উদ্দিন আকবর (৪৪)। তারা যাত্রীবেশে খাগড়াছড়ি থেকে বাসযোগে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, সীমান্তঘেঁষা খাগড়াছড়ি-বারইয়ারহাট আঞ্চলিক সড়ক দিয়ে অস্ত্র নিয়ে আসার গোপন সংবাদের ভিত্তিতে করেরহাট ইউনিয়নের নয়টিলা মাজার গেট এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। পরে শান্তি পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে পেছনের দিকে যাত্রীবেশে বসে থাকা দুজনের কাছ থেকে একটি জাপানি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ তাদের গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে শান্তি পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের পেছনে যাত্রীবেশে বসে থাকা দুই ব্যক্তির কাছ থেকে একটি জাপানি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ তাদের গ্রেপ্তার করা হয়। অস্ত্র চালান চক্রের মূলহোতাদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।