আবার হাঁটতে চায় আরাফাত, চিকিৎসায় প্রয়োজন তিন লাখ টাকা


Saimoon Islam প্রকাশের সময় : নভেম্বর ৮, ২০২৬, ১:১৪ অপরাহ্ন / ১০০০
আবার হাঁটতে চায় আরাফাত, চিকিৎসায় প্রয়োজন তিন লাখ টাকা

 

আবার হাঁটতে চায় আরাফাত, চিকিৎসায় প্রয়োজন তিন লাখ টাকা

নারায়ণগঞ্জের বন্দরে দেয়ালের একাংশ ধসে পড়ে আহত নয় বছরের শিশু আরাফাতের চিকিৎসায় আর্থিক সহায়তা চেয়েছে তার পরিবার। তার মা রোমানা জামান রিতু জানিয়েছেন, ছেলের বাম পায়ে আরও দুটি অস্ত্রোপচারের জন্য প্রায় তিন লাখ টাকা প্রয়োজন। ইতোমধ্যে চিকিৎসায় প্রায় আড়াই লাখ টাকা ব্যয় হওয়ায় পরবর্তী চিকিৎসার খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন তারা।

 

আরাফাত বন্দর থানার লাঙ্গলবন্দের কানন চিড়াইপাড়া গ্রামের সৌদিপ্রবাসী নুরুজ্জামানের ছেলে। দুই ভাইয়ের মধ্যে সে ছোট। স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করে সে।

 

তার মায়ের ভাষ্য, গত ১৫ অক্টোবর মাগরিবের নামাজ শেষে মসজিদ থেকে বাড়ি ফিরছিল আরাফাত। পথে রাস্তার পাশে থাকা একটি দেয়ালের একাংশ ধসে তার ওপর পড়ে। এতে তার বাম পায়ে গুরুতর আঘাত লাগে।

 

রোমানা জামান রিতু জানান, দুর্ঘটনার পর ছেলেকে ঢাকার পঙ্গু হাসপাতালে নিয়ে যান তিনি। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে মোহাম্মদপুরের হুমায়ুন রোডের আলিফা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। ওই রাতেই আরাফাতের পায়ে অস্ত্রোপচার করা হয়। বর্তমানে সে ওই হাসপাতালে চিকিৎসাধীন।

 

তিনি জানান, চিকিৎসক রফিকুল ইসলামের তত্ত্বাবধানে আরাফাতের চিকিৎসা চলছে। চিকিৎসক আরও দুটি অস্ত্রোপচারের কথা জানিয়েছেন। এ জন্য প্রায় তিন লাখ টাকা প্রয়োজন।

 

পরিবারের আর্থিক সংকটের কথা তুলে ধরে আরাফাতের মা জানান, সৌদি আরবে তার স্বামীর ভিসার মেয়াদ শেষ হওয়ায় কয়েক মাস ধরে নিয়মিত কাজ পাচ্ছেন না। এর মধ্যে ছেলের চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে তাদের সঞ্চয় শেষ হয়ে গেছে। পরবর্তী চিকিৎসার খরচ জোগানোর সামর্থ্য এখন তাদের নেই।

 

ছেলের চিকিৎসা চালিয়ে নিতে সমাজের সচ্ছল ব্যক্তিসহ সবার সহযোগিতা চেয়েছেন রোমানা জামান রিতু। আরাফাত যেন সুস্থ হয়ে অন্য শিশুদের মতো স্বাভাবিক জীবনে ফিরতে পারে, সে জন্য সবার কাছে দোয়াও চেয়েছেন তিনি।

 

সহায়তা পাঠানোর জন্য আরাফাতের মায়ের দেওয়া বিকাশ নম্বর: ০১৬২৪৬৭৬২৩৯।