

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি মো. আবু সাদিকের (সাদিক কায়েম) খাগড়াছড়ির পৈতৃক বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। ঘটনার পর সেনাবাহিনীর সদস্যরা বাড়িটি পরিদর্শন করেন। এ সময় পরিবারের সদস্যদের নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়।
রোববার (২২ নভেম্বর) সকালে খাগড়াছড়ি সদর সেনা জোনের সদস্যরা সদর উপজেলার নয়নপুর এলাকায় সাদিক কায়েমের পৈতৃক বাড়ি পরিদর্শন করেন। এ সময় তারা সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেমের সঙ্গে কথা বলেন। বাড়ির আশপাশে নিরাপত্তা নজরদারি এবং শহরজুড়ে সেনা টহল অব্যাহত থাকবে বলে তাকে আশ্বস্ত করেন সেনা সদস্যরা।
সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম জানান, সকালে সেনাবাহিনীর একটি দল বাড়িতে এসে পরিদর্শন করে তাকে নিরাপত্তার আশ্বাস দিয়েছে।
এর আগে শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। আগুনের খবর পেয়ে প্রতিবেশীরা দ্রুত ঘর থেকে বেরিয়ে এসে পানি ছিটিয়ে আগুন নিভিয়ে ফেলেন। তাদের তাৎক্ষণিক সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় বাড়িটি।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু জানান, সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় থানায় মামলার কার্যক্রম চলমান রয়েছে।
আপনার মতামত লিখুন :