নাসিরকে দেখতে এসে ভাঙলো মসজিদের কাঁচ, লাগিয়ে দেবে এনসিপি


Saimoon Islam প্রকাশের সময় : মে ৮, ২০২৬, ৬:২৩ অপরাহ্ন / ১০০০
নাসিরকে দেখতে এসে ভাঙলো মসজিদের কাঁচ, লাগিয়ে দেবে এনসিপি

আলোচিত রাজনৈতিক নেতা জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী নারায়ণগঞ্জ নগরীর কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করেছেন। তার আগমনকে ঘিরে মসজিদের ভেতর ও বাইরে বিপুল মানুষের ভিড় জমায় চাপাচাপিতে মসজিদের কাঁচের দরজা ভেঙে গেছে। এতে কয়েকজন সামান্য আহতও হয়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

 

শুক্রবার (৮ মে) দুপুরে নগরীর মাসদাইর এলাকায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কেন্দ্রীয় মসজিদে এই ঘটনা ঘটে।

 

এদিকে, ভাঙা ওই কাঁচের দরজা পুনস্থাপন করে দেবার কথা জানিয়েছেন এনসিপির নেতারা।

 

এনসিপির জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান বলেন, “আমরা যথেষ্ট চেষ্টা করেছি অন্তত মসজিদের ভিতরে চাপ কমানোর। কিন্তু সাধারণ মুসল্লীসহ সবার উপচে পড়া ভিড়ে তা কন্ট্রোল করা সম্ভব হয়নি। তাই স্বাভাবিকভাবেই মসজিদের গেটে এসে মানুষের চাপে একটি অনাকাক্সিক্ষত ঘটনা ঘটে যায়।”

 

“আমরা সাথে সাথেই আমাদের দায়িত্বশীলদেরকে বলেছি মসজিদ কর্তৃপক্ষের সাথে কথা বলতে। আমরাও ইমাম ও মুয়াজ্জিনের সাথে কথা বলেছি। ইনশাআল্লাহ আমরা মসজিদের ভেঙে যাওয়া গ্লাস পুনঃস্থাপন করে দিবো। আসরের নামাজে ইমাম তা মুসল্লীদেরও জানিয়ে দিবেন।”

 

ঘটনাটিকে অনাকাক্সিক্ষত উল্লেখ করে দুঃখ প্রকাশও করেন এনসিপির এ নেতা।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে গত বৃহস্পতিবারই নাসীরুদ্দীন পাটওয়ারী জানিয়েছিলেন নারায়ণগঞ্জে আসার কথা। তিনি কোন মসজিদে জুমার নামাজ আদায় করবেন তাও জানিয়েছিলেন। ফলে, সামাজিক মাধ্যমে আলোচিত এই রাজনৈতিক নেতার আগমনকে ঘিরে মসজিদের সামনে দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি বিপুল উৎসুক জনতারও ভিড় তৈরি হয়।

 

নামাজ শেষে নাসীরুদ্দীন সামনে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে গেলেও সেখানেও শত শত মানুষ মোবাইলে সেলফি তোলা ও ভিডিও করায় ব্যস্ত হয়ে পড়েন।