নারায়ণগঞ্জ কলেজে শিক্ষার্থীবান্ধব ও গণতান্ত্রিক ক্যাম্পাস চায় ছাত্র ফেডারেশন


Saimoon Islam প্রকাশের সময় : অগাস্ট ১৬, ২০২৬, ৭:৩০ অপরাহ্ন / ১০০০
নারায়ণগঞ্জ কলেজে শিক্ষার্থীবান্ধব ও গণতান্ত্রিক ক্যাম্পাস চায় ছাত্র ফেডারেশন

শুধু ক্লাস ও পরীক্ষার মধ্যে সীমাবদ্ধ না রেখে শিক্ষার্থীদের চিন্তা, জ্ঞানচর্চা, সংস্কৃতি, বন্ধুত্ব ও নিজেদের বিকাশের সুযোগ তৈরি করে নারায়ণগঞ্জ কলেজকে একটি প্রাণবন্ত ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস হিসেবে গড়ে তোলার দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ কলেজ শাখা।

 

রোববার (১৬ আগস্ট) এক বিবৃতিতে সংগঠনটির নেতৃবৃন্দ বলেন, “আমরা এমন একটি নারায়ণগঞ্জ কলেজ ক্যাম্পাস চাই, যেখানে শিক্ষার্থীরা শুধু ক্লাস ও পরীক্ষার জন্য আসবে না; বরং চিন্তা, জ্ঞানচর্চা, সংস্কৃতি, বন্ধুত্ব ও নিজেদের বিকাশের জন্য ক্যাম্পাস উন্মুক্ত থাকবে।”

 

শিক্ষার্থীদের জন্য উন্নত শ্রেণিকক্ষ, বিজ্ঞান ও কম্পিউটার ল্যাব, সুপেয় পানির ব্যবস্থা, পরিচ্ছন্ন ও নিরাপদ স্যানিটেশন, ক্যান্টিন এবং হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিত করার দাবি জানান তারা।

 

স্বাস্থ্যসেবার বিষয়ে তারা বলেন, ক্যাম্পাসে একটি পূর্ণাঙ্গ ‘মেডিকেল সেন্টার’ চালু করতে হবে। সেখানে শিক্ষার্থীদের জন্য প্রাথমিক চিকিৎসা ও জরুরি সেবা এবং ছাত্রীদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা বিনামূল্যে দেওয়ার ব্যবস্থা থাকতে হবে।

 

এ ছাড়া শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য কলেজের বাস চালু করে তা সব শিক্ষার্থীর জন্য উন্মুক্ত করার দাবি জানিয়েছে সংগঠনটি।

 

ছাত্র ফেডারেশনের নেতারা আরও বলেন, ক্যাম্পাসে খেলাধুলার মাঠ, সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য হল, বিতর্ক ও আলোচনা চর্চার সুযোগ এবং মুক্তভাবে মত প্রকাশের পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। পাশাপাশি শিক্ষার্থীদের সংগঠিত হওয়ার গণতান্ত্রিক অধিকারও নিশ্চিত করতে হবে।

 

তারা বলেন, “আমরা এমন ক্যাম্পাস চাই না, যেখানে শুধু ইট-পাথরের ভবন থাকবে, কিন্তু শিক্ষার্থীদের চিন্তা, সৃজনশীলতা ও স্বপ্নের জায়গা থাকবে না।”

 

তাদের মতে, চিন্তা, চর্চা, সংস্কৃতি ও বন্ধুত্ব এই চারটি স্তম্ভের ওপর ভিত্তি করেই নারায়ণগঞ্জ কলেজকে একটি প্রাণবন্ত, গণতান্ত্রিক ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে হবে।

 

নেতৃবৃন্দ বলেন, “একটি ক্যাম্পাস যেখানে প্রতিটি শিক্ষার্থী নিরাপদে শিখবে, প্রশ্ন করবে, নিজের মত প্রকাশ করবে এবং নিজের ভবিষ্যৎ নির্মাণের সুযোগ পাবে এটাই আমাদের প্রত্যাশা।”