

নারায়ণগঞ্জ কেন্দ্রীয় সমবায় ব্যাংক মার্কেট ভেঙে নতুন বহুতল ভবন নির্মাণের উদ্যোগের প্রতিবাদ জানিয়েছেন দোকান মালিক ও ব্যবসায়ীরা। এ উদ্যোগকে ‘অহেতুক ও হঠকারী’ আখ্যা দিয়ে তাঁরা বলেছেন, ভবন ভেঙে ফেলা হলে মার্কেটের ওপর নির্ভরশীল ব্যবসায়ী ও কর্মচারীদের পরিবার আর্থিক সংকটে পড়বে।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় চাষাঢ়ার শরীফ সুপার মার্কেটের বিবাহ ঘর কমিউনিটি সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় তাঁরা এ প্রতিবাদ জানান।
সমবায় নিউ মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি খাজা এবাদুল হক টিপুর সভাপতিত্বে সভায় সম্পাদক গোলাম মোসাদ্দেক ভূঁইয়াসহ মার্কেটের দোকান মালিক ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
ব্যবসায়ীরা জানান, ১৯৯৫ সালে মার্কেটটির নির্মাণকাজ শুরু হয়। প্রথম দফায় একতলা নির্মাণের পর কয়েক বছর বিরতি দিয়ে দ্বিতীয় তলার কাজ সম্পন্ন হয়। পরে ধাপে ধাপে তৃতীয় ও চতুর্থ তলা নির্মাণ করা হয়। সর্বশেষ ২০২০ সালে পঞ্চম তলার কাজ শেষ করে ব্যবসায়ীদের মধ্যে দোকান বরাদ্দ দেওয়া হয়।
তাঁদের অভিযোগ, পঞ্চম তলার কাজ শেষ হওয়ার কয়েক বছরের মধ্যেই নারায়ণগঞ্জ কেন্দ্রীয় সমবায় ব্যাংক ও সমবায় অধিদপ্তরের একটি মহল মার্কেটটি ভেঙে নতুন বহুতল ভবন নির্মাণের প্রক্রিয়া শুরু করেছে। ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়নি বলেও দাবি করেন তাঁরা। সম্প্রসারণ ও সংস্কারের কয়েক বছরের মধ্যে পুরো ভবন ভেঙে ফেলার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন ব্যবসায়ীরা।
ব্যবসায়ীদের দেওয়া তথ্য অনুযায়ী, মার্কেটটিতে তিন শতাধিক দোকানের পজিশনধারী রয়েছেন। ব্যবসায়ী ও কর্মচারীসহ দেড় হাজারের বেশি পরিবার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই মার্কেটের ওপর নির্ভরশীল। ভবন ভেঙে ফেলা হলে তাঁদের জীবিকা অনিশ্চয়তায় পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তাঁরা।
সভায় নতুন ভবন নির্মাণের উদ্যোগের পেছনে অনিয়মের আশঙ্কাও প্রকাশ করেন ব্যবসায়ীরা। পাশাপাশি নিজেদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়।
এ সময় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান প্রয়াত আলীনুর ও আবুল কাশেমের অবদান স্মরণ করা হয়। ব্যবসায়ীরা জানান, তাঁরা জীবিত থাকাকালে দোকান মালিকদের সুখে-দুঃখে পাশে ছিলেন।
ব্যবসায়ী নেতারা আশা প্রকাশ করেন, ব্যাংকের বর্তমান চেয়ারম্যান মাজাহারুল ইসলাম জোসেফ দোকান মালিকদের ন্যায্য দাবির পক্ষে অবস্থান নেবেন এবং মার্কেট ভাঙার উদ্যোগ পুনর্বিবেচনা করে তাঁদের স্বার্থ রক্ষায় পদক্ষেপ নেবেন
আপনার মতামত লিখুন :