গোল্ডেন প্লে-বাটন অর্জন করল শিশুশিল্পী সাইফার চ্যানেল


Saimoon Islam প্রকাশের সময় : সেপ্টেম্বর ৭, ২০২৬, ৩:৪৭ অপরাহ্ন / ১০০০
গোল্ডেন প্লে-বাটন অর্জন করল শিশুশিল্পী সাইফার চ্যানেল

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ‘নতুন কুঁড়ি ২০২৫’-এর হামদ-নাত বিভাগে চ্যাম্পিয়ন, স্বতন্ত্র কণ্ঠ ও সাবলীল পরিবেশনায় নজর কাড়া শিশুশিল্পী সুরাইয়া আক্তার সাইফা এখন এক পরিচিত নাম। সুরের মায়াজালে যিনি ফুটিয়ে তোলেন সমাজের বাস্তবচিত্র, ইসলামী গীতি ও মনোমুগ্ধকর শিশুতোষ গান।

 

 

সম্প্রতি সাইফার নিজস্ব ইউটিউব চ্যানেলটি ১ মিলিয়ন (১০ লাখ) সাবস্ক্রাইবারের মাইলফলক স্পর্শ করেছে। এই বিরল প্রাপ্তির মধ্য দিয়ে ইউটিউবের সম্মানজনক ‘গোল্ডেন প্লে-বাটন’ অর্জন করলেন এই খুদে শিল্পী। এত অল্প বয়সে এমন গৌরবময় সাফল্য উদযাপনে ঢাকার একটি অডিটরিয়ামে দিনব্যাপী এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

আড়ম্বরপূর্ণ এই উদযাপনে উপস্থিত ছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী মনির খান, জীবনমুখী গানের নন্দিত কণ্ঠশিল্পী ও কথাসাহিত্যিক আমিরুল মোমেনীন মানিক, বিশিষ্ট সংগীত পরিচালক অণু মোস্তাফিজ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ এবং প্যানভিশন টিভির সিইও মাহবুব মুকুলসহ একাধিক সংসদ সদস্য। আয়োজনে উপস্থিত বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্বদের হাতে সম্মাননা পদকও তুলে দেওয়া হয়।

 

নিজের এই সাফল্য ও অনুভূতি প্রকাশ করতে গিয়ে শিশুশিল্পী সাইফা বলেন, পড়ালেখার পাশাপাশি আমি নিয়মিত সংগীতচর্চা চালিয়ে যেতে চাই। শ্রোতাদের ভালোবাসার কাছে আমি চিরকৃতজ্ঞ। তারা আমার গাওয়া ‘শ্রাবণের বিপ্লব’, ‘নির্যাতিত বোন’, ‘পড়ার সময় পড়া’, ‘মাগো, তোমার মত লয় না কেহ’ ও ‘ফরিয়াদ’-এর মতো গানগুলো ভালোবেসে সবার মাঝে ছড়িয়ে দিয়েছেন। আমার যেকোনো সাফল্যের পেছনে আম্মুর অবদান আমি সব সময় স্মরণ করি। বর্তমানে আমি হাবিব মোস্তফা আঙ্কেলের কথা ও সুরে কিছু মরমি ও জীবনমুখী গানের কাজ করছি।