ফতুল্লায় প্রসূতি ও সন্তানের মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ


Saimoon Islam প্রকাশের সময় : অক্টোবর ২৪, ২০২৬, ১:১৭ অপরাহ্ন / ১০০০
ফতুল্লায় প্রসূতি ও সন্তানের মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ

নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটীতে মেরি স্টার নামে একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় এক প্রসূতি ও তাঁর গর্ভের সন্তানের মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে হাসপাতালে নেওয়ার পর সন্ধ্যা ৬টার দিকে ওই নারীর মৃত্যু হয়।

 

নিহত সুমা আক্তার (৩৫) ফতুল্লার দাপা রেলস্টেশন এলাকার আদর্শ স্কুলসংলগ্ন সাথীর বাড়ির ভাড়াটিয়া ফারুক আহম্মেদের স্ত্রী।

 

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মিলন ফকির জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে সন্ধ্যা ৭টার দিকে তিনি হাসপাতালে যান। সেখানে একজন ওয়ার্ডবয় ছাড়া কোনো চিকিৎসক বা দায়িত্বশীল কর্মকর্তাকে পাননি।

 

নিহতের স্বজনদের বরাতে তিনি জানান, প্রসবব্যথা উঠলে দুপুর ২টার দিকে সুমাকে তাঁর ননদ হাসপাতালে নিয়ে আসেন। সেখানে স্বাভাবিক প্রসবের চেষ্টা করা হয়। স্বজনদের অভিযোগ, প্রসবের আগেই গর্ভের শিশুটি মারা যায়। এ সময় সুমার অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়। চিকিৎসকেরা রক্তক্ষরণ বন্ধ করতে ব্যর্থ হলে সন্ধ্যা ৬টার দিকে তাঁর মৃত্যু হয়।

 

এসআই মিলন ফকিরের ভাষ্য, ঘটনার পর হাসপাতালের চিকিৎসক ও দায়িত্বশীল ব্যক্তিরা পালিয়ে যান। নিহতের স্বামী ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নেওয়ার জন্য লিখিত আবেদন করেছেন।