

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টার অভিযোগে দুই দালালসহ আটজনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে এসআরবি-৯। এর আগে সোমবার (২ নভেম্বর) বিকেলে উপজেলার শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
এসআরবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯ সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) জানতে পারে, কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর এলাকার একটি বসতবাড়িতে কয়েকজন ব্যক্তি বৈধ পাসপোর্ট ও ভ্রমণসংক্রান্ত কাগজপত্র ছাড়াই অবৈধভাবে ভারতে যাওয়ার উদ্দেশ্যে অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে গত ২ নভেম্বর বিকেলে এসআরবি-৯ এর একটি আভিযানিক দল ওই বাড়িতে অভিযান চালায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাদের আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ব্যক্তিদের মধ্যে মো. হারিস আলী ও মো. আবুল আলী বাকি ছয়জনকে কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করছিলেন। পরে তাদের কাছে বৈধ পাসপোর্ট, ভিসা কিংবা ভারতে যাওয়ার প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাওয়া হলে তারা তা দেখাতে ব্যর্থ হন।
আপনার মতামত লিখুন :