পেট্রাপোল সীমান্তে বৈঠক ও সহিংসতার পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে: রিজভী


Saimoon Islam প্রকাশের সময় : নভেম্বর ২৪, ২০২৬, ২:৩৫ অপরাহ্ন / ১০০০ Views
পেট্রাপোল সীমান্তে বৈঠক ও সহিংসতার পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, ভারতের পেট্রাপোল সীমান্তে ইমিগ্রেশন কর্মকর্তাদের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতার বৈঠক এবং দেশের সাম্প্রতিক সহিংস ঘটনার পেছনে গভীর ষড়যন্ত্র ও অশুভ ইঙ্গিত রয়েছে।

 

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

 

দেশজুড়ে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম দল যৌথভাবে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।

 

সমাবেশে রুহুল কবির রিজভী বলেন, বিদেশে অবস্থানরত ক্ষমতাচ্যুত সরকারের নেতারা অর্থের জোগান দিয়ে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছেন। সাম্প্রতিক সময়ে গ্রামীণ ব্যাংকের প্রায় ৭৫টি শাখার সামনে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ, যানবাহনে আগুন দেওয়া এবং ভাঙ্গায় কৃষক দলের রাজু ও নড়াইলের কালিয়ায় জাসাস ও কৃষক দলের নেতাদের হত্যার পেছনে সীমান্তের ওপার থেকে মদদ দেওয়া হচ্ছে।

 

 

ভারতের পেট্রাপোল বন্দরে ইমিগ্রেশন কর্মকর্তাদের সঙ্গে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের চারজন নেতার দীর্ঘ দুই ঘণ্টার বৈঠকের প্রসঙ্গ তুলে রিজভী প্রশ্ন করেন, ভারতের কেন্দ্রীয় সরকারের মদদ ছাড়া সরকারি কর্মকর্তাদের পক্ষে কীভাবে পলাতক ও নিষিদ্ধ ঘোষিত ব্যক্তিদের সঙ্গে বৈঠক করা সম্ভব।

 

এ ছাড়া রাষ্ট্রীয় বিমান চেয়ে দেশে ফেরার বিষয়ে শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, আইনি প্রক্রিয়ার মুখোমুখি না হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে।

 

বক্তব্যে রুহুল কবির রিজভী মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার ইতিহাসকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার অভিযোগ তোলে বলেন, মুক্তিযোদ্ধা দলের নেতাকর্মীরা রণাঙ্গনের যোদ্ধা হলেও অতীতে মুক্তিযুদ্ধের চেতনার নামে দিল্লির কাছে নতজানু নীতি অনুসরণ করা হয়েছে।