

জুয়েল আরমান বহিষ্কারের পর কৃষকদলের সভাপতি হতে মরিয়া বিতর্কিত ইব্রাহিম, সমালোচনার ঝড়
অপহরণ মামলার বাদীর বাসায় হামলা, ভিডিও ধারণ করতে গিয়ে পথচারীকে কুপিয়ে হত্যার ঘটনায় বিতর্কের মুখে ফতুল্লা থানা কৃষকদলের সভাপতি জুয়েল আরমানকে বহিষ্কার করেছে কৃষকদল। এবার তার শূন্য হওয়া সভাপতির পদটি দখলে নিতে মরিয়া হয়ে উঠেছেন কমিটির সিনিয়র সহ-সভাপতি ইব্রাহিম। তবে পদ পাওয়ার দৌড়ে ইব্রাহিমের নাম সামনে আসতেই তার অতীত রাজনৈতিক কর্মকাণ্ড ও নানা অভিযোগ ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক।
জানা গেছে, অপহরণ মামলাকে কেন্দ্র করে মামলার বাদীর বাড়িতে হামলার ঘটনা ঘটে। ওই ঘটনার ভিডিও ধারণ করতে গেলে এক পথচারীকে কুপিয়ে হত্যা করা হয়। নৃশংস এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার সৃষ্টি হলে ফতুল্লা থানা কৃষকদলের সভাপতি জুয়েল আরমানকে শুধু সভাপতির পদ থেকেই নয়, বিএনপির প্রাথমিক সদস্যপদ থেকেও বহিষ্কার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলাও দায়ের করা হয়েছে।
জুয়েল আরমানের বহিষ্কারে ফতুল্লা থানা কৃষকদলের সভাপতির পদটি শূন্য হয়ে পড়তেই সেই পদে বসার তৎপরতা শুরু করেছেন কমিটির সিনিয়র সহ-সভাপতি ইব্রাহিম। সাংগঠনিক নিয়মে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পাওয়ার সুযোগ থাকলেও, ইব্রাহিমের অতীত কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় রাজনৈতিক মহলের একাংশ।
অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলে ইব্রাহিম আওয়ামী লীগের রাজনৈতিক বলয়ে সক্রিয় ছিলেন। শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী পালনসহ আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে সম্পৃক্ততার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। শুধু রাজনৈতিক সংশ্লিষ্টতাই নয়, তার বিরুদ্ধে মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণের অভিযোগও উঠেছে। মাদক কারবার নিয়ন্ত্রণের অভিযোগে একসময় গ্রেপ্তারও হয়েছেন।
এমন বিতর্কিত অতীত সামনে আসার পর কৃষকদলের নেতৃত্বে ইব্রাহিমের সম্ভাব্য আগমন নিয়ে প্রশ্ন তুলছেন রাজনৈতিক সংশ্লিষ্টরা। তাদের মতে, যে সংগঠন বিতর্কিত নেতৃত্বকে সরিয়ে নিজেদের ভাবমূর্তি পুনরুদ্ধারের চেষ্টা করছে, সেই সংগঠনের গুরুত্বপূর্ণ পদে আরেক বিতর্কিত ব্যক্তিকে বসানো হলে বহিষ্কারের সিদ্ধান্তের উদ্দেশ্যই প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে।
জুয়েল আরমানকে বহিষ্কারের মধ্য দিয়ে কৃষকদল বিতর্কমুক্ত হওয়ার যে বার্তা দিতে চেয়েছে, সেই শূন্য পদে ইব্রাহিমের সম্ভাব্য আগমন সংগঠনকে আবারও বিতর্কের মুখে ফেলতে পারে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক মহল।
আপনার মতামত লিখুন :