হাইড্রোলিক হর্ন-বিকন লাইটের বিরুদ্ধে অভিযানে নামছে ডিএমপি


Saimoon Islam প্রকাশের সময় : নভেম্বর ২০, ২০২৬, ৪:১৫ অপরাহ্ন / ১০০০
হাইড্রোলিক হর্ন-বিকন লাইটের বিরুদ্ধে অভিযানে নামছে ডিএমপি

রাজধানীতে অননুমোদিত হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট সংযোজন বা ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে যাচ্ছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আগামী ১ ডিসেম্বর সকাল থেকে চেকপোস্ট বসিয়ে অভিযান শুরু হবে।

 

অভিযানের আগে সংশ্লিষ্ট যানবাহন থেকে এসব অননুমোদিত সরঞ্জাম অপসারণের জন্য মালিক ও চালকদের অনুরোধ জানিয়েছে ডিএমপি।

 

Advertisement

এ বিষয়ে ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন বলেন, ‘ঢাকা মহানগরে যানবাহনে হাইড্রোলিক হর্নের ব্যবহার সড়কে চলাচলকারী মানুষ ও জনস্বাস্থ্যের জন্য উদ্বেগজনক। অতিরিক্ত শব্দের কারণে বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। হাইড্রোলিক হর্নের ব্যবহার নিষিদ্ধ হলেও কিছু যানবাহনে এর ব্যবহার দেখা যাচ্ছে। চালক ও মালিকদের দায়িত্বশীল আচরণের মাধ্যমেই সড়কে শব্দদূষণ নিয়ন্ত্রণ করা সম্ভব।’

 

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) আনিছুর রহমান বলেন, ‘অনুমোদনহীন হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইটের ব্যবহার সড়কে শৃঙ্খলা বিঘ্নিত করার পাশাপাশি সাধারণ মানুষের ভোগান্তি ও শব্দদূষণের কারণ হচ্ছে। বিশেষ করে হাইড্রোলিক হর্নের বিকট শব্দ জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আইন অনুযায়ী, যেসব যানবাহনে হুটার, বিকন লাইট ও বিশেষ ধরনের হর্ন ব্যবহারের অনুমতি নেই, সেসব যানবাহনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযান চলাকালে এসব অবৈধ সরঞ্জাম জব্দ করা হবে এবং সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে।’