

অপশাসন, জুলুম ও গণহত্যার পথে হাঁটলে কারও পরিণতি ভালো হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, শেখ হাসিনার সরকারের পতন থেকে সব রাজনৈতিক দলের শিক্ষা নেওয়া উচিত।
সম্প্রতি এশিয়া পোস্টের আলাপন অনুষ্ঠানে এসে এসব কথা বলেন তিনি।
মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, হাসিনা যেভাবে গণহত্যা করেছে, আয়নাঘর বানিয়েছে এবং জুলুম করেছে, সেই পথে যেই হাঁটবে তার পরিণতি ভালো হবে না। অপশাসন করলে তাকে অধপতনের দিকেই যেতে হবে। এটি শুধু কোনো একটি দলের জন্য নয়, জামায়াতও যদি কখনও ভুল পথে যায়, তাহলে তাদেরও জনগণের সমর্থন হারাতে হবে।
তিনি বলেন, আওয়ামী লীগ গত ১৭ বছরে যে লুণ্ঠন, খুন ও দমন-পীড়নের রাজনীতি করেছে, দেশের মানুষ তা সহজে ভুলবে না। এসব কর্মকাণ্ডের কারণেই দলটি এখন বিচারের মুখোমুখি হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
সেলিম উদ্দিন আরও বলেন, শেখ হাসিনা যদি সাহসী হতেন, তাহলে দেশ ছেড়ে না গিয়ে দেশের মাটিতেই বিচারের সম্মুখীন হতেন। তার মতে, রাজনৈতিক নেতৃত্বের জবাবদিহি নিশ্চিত হওয়াই গণতন্ত্রের অন্যতম শর্ত।
তিনি বলেন, হেলিকপ্টার থেকে গুলি করা এবং ঘরে ঢুকে মানুষ হত্যার মতো ঘটনা দেশের মানুষ প্রত্যক্ষ করেছে। খুনি ও স্বৈরাচারী শাসকদের এ দেশের মানুষ আর গ্রহণ করবে না বলেও মন্তব্য করেন তিনি।
আপনার মতামত লিখুন :