

ফতুল্লায় স্বেচ্ছাসেবকদল নেতা মামুন হত্যা মামলার এজাহারনামীয় ও তালিকাভুক্ত ক্রসফায়ারের আসামি কিলার নয়নের শেল্টারদাতা যুবদল সভাপতি মিঠু খান
নারায়ণগঞ্জের ফতুল্লায় আলোচিত স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক মামুন হত্যা মামলার এজাহারনামীয় ও তালিকাভুক্ত ক্রসফায়ারের আসামি কিলার নয়নকে এবার ফতুল্লা ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মিঠু খানের সঙ্গে ঘনিষ্ঠভাবে দেখা যাচ্ছে। আলোচিত সন্ত্রাসী কিলার নয়নের শেল্টারদাতা হিসেবে পরিচিতি পেয়েছেন যুবদল নেতা মিঠু খান।
তথ্যমতে, একসময় শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ইবু ও নয়ন গোটা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করতেন। এমন কোনো অপকর্ম ছিল না, যা এই জুটি করত না। ফলশ্রুতিতে দুই শীর্ষ অপরাধীর নামই ক্রসফায়ারের তালিকায় আসে। তবে ইবু ক্রসফায়ারে নিহত হলেও ভাগ্যক্রমে বেঁচে যান কিলার নয়ন।
বেশ কিছুদিন আগে ফতুল্লার আলোচিত স্বেচ্ছাসেবকদল নেতা মামুন হত্যা মামলায় তার বিরুদ্ধেও মামলা হয়। তিনি ওই মামলায় কারাভোগ করে জামিনে বের হন। জামিনে বের হয়ে পূর্বের ন্যায় নানা অপকর্মে নিজেকে জড়িয়ে ফেলেন। আর এসব কর্মকাণ্ডে তাকে শেল্টার দিচ্ছেন ফতুল্লা ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মিঠু খান।
এতে করে ক্ষোভে ফেটে পড়েছেন বিএনপির তৃণমূলের ত্যাগী নেতাকর্মীরা।
তাদের ভাষ্য, যে ব্যক্তি ক্রসফায়ারের তালিকাভুক্ত আসামি, যার অতীত এত ভয়ঙ্কর, এবং যিনি একজন বিএনপি নেতাকে হত্যা মামলার আসামি—তাকে কীভাবে শেল্টার দিচ্ছেন মিঠু খান?
তারা মিঠু খানের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি কিলার নয়নের বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :