আমার ভয়েস এডিট করে ষড়যন্ত্র ও অপপ্রচার চলছে — মান্নান


Saimoon Islam প্রকাশের সময় : নভেম্বর ১২, ২০২৫, ৩:৫৭ অপরাহ্ন / ১০০০
আমার ভয়েস এডিট করে ষড়যন্ত্র ও অপপ্রচার চলছে — মান্নান

 

নারায়ণগঞ্জ-০৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপি থেকে মনোনয়ন ঘোষণার পরপরই একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে অভিযোগ করেছেন নারায়ণগঞ্জ -০৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান।

১২ নভেম্বর (মঙ্গলবার) সোনারগাঁও উপজেলা বিএনপি শাখা কর্তৃক প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন,
“আমার জনপ্রিয়তা ও জনসমর্থনে ঈর্ষান্বিত হয়ে একটি গোষ্ঠী তথ্য প্রযুক্তির অপব্যবহার করে আমার কণ্ঠ বিকৃত করে বিভ্রান্তিকর অডিও ক্লিপ ছড়িয়ে দিচ্ছে। এর মাধ্যমে তারা রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি ও জনগণের মাঝে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা করছে।”

তিনি আরও বলেন, “আমি সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জবাসীকে স্পষ্টভাবে জানাতে চাই — এই ধরনের অপপ্রচার সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও রাজনৈতিকভাবে আমাকে হেয় করার চেষ্টা। জনগণের ভালোবাসা ও বিশ্বাসই আমার শক্তি। সত্যের জয় হবেই।”

মান্নান সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জের বিএনপি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন,
“আপনারা ঐক্যবদ্ধ থাকুন, কোনো বিভ্রান্তি বা অপপ্রচারে কান দেবেন না। আমরা সবাই মিলে এই আসনকে আগামী দিনে একটি আইকনিক ও আদর্শ আসন হিসেবে গড়ে তুলব।”

তিনি শেষাংশে বলেন, “জনগণের কল্যাণে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে আমি সর্বদা মাঠে ছিলাম, আছি এবং থাকব। ষড়যন্ত্রকারীরা যতই অপপ্রচার চালাক না কেন, জনগণের ভালোবাসা ও সত্যের শক্তি আমাদের পথ দেখাবে।”