

বন্দরে ১১টি দেশীয় অস্ত্রসহ ২৯ মামলার আসামী ডাকাত মামুনসহ ৩ জন গ্রেপ্তার
নারায়ণগঞ্জের বন্দরে বিশেষ অভিযান চালিয়ে ১১টি দেশীয় অস্ত্রসহ কথিত ডাকাত মামুন (৪৬) ও তার দুই সহযোগী মুক্তার হোসেন (৫০) এবং রিয়াদকে (২২) গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ।
শনিবার (৩১ অক্টোবর) ভোর ৪টা ২০ মিনিটে সোনাচড়াবাগ এলাকায় সাবেক কমিশনার শামসুজ্জোহার বাড়ির সামনে রফিকুল ইসলামের বালুর মাঠে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী ও দীপংকর ঘোষের তত্ত্বাবধানে ওসি মোঃ জামাল উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ১১টি দেশীয় অস্ত্রের মধ্যে ছোরা, চাপাতি, রামদা, ছেনি ও চায়নিজ কুড়াল উদ্ধার করা হয়। এ ছাড়া একটি টেকনো স্পার্ক ৪০ মোবাইল ফোন ও নগদ ৫ হাজার ১৫০ টাকা জব্দ করা হয়েছে।
পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতরা ডাকাতিসহ বিভিন্ন অপরাধে ব্যবহারের উদ্দেশ্যে অস্ত্রগুলো নিজেদের হেফাজতে রেখেছিলেন। মামুনের বিরুদ্ধে ডাকাতিসহ বিভিন্ন অপরাধে ২৯টি মামলা চলমান রয়েছে। অপর দুইজনের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারা এবং অস্ত্র আইনে বন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।
আপনার মতামত লিখুন :