

প্রতিবেশী দেশের ওপর ভরসা করে বা তাদের সঙ্গে আলোচনা করে ক্ষমতায় থাকার রাজনীতিতে বিশ্বাস করেন না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ।
তিনি বলেন, ঐতিহ্যের ধারাবাহিকতায় তিনি জেএম সেন হলে সবসময় এসেছেন। তবে তাদের পূর্বেও অনেকে এখানে এসে সনাতন ধর্মাবলম্বীদের নিশ্চিন্তে থাকার আশ্বাস দিয়েছিলেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা এমন একটি বাংলাদেশ চেয়েছিলাম যেখানে কোনো বৈষম্য থাকবে না। আমাদের স্বাধীনতার শহীদ মুক্তিযোদ্ধারা এমন এক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, যেখানে সুদৃঢ় ধর্মীয় সম্প্রীতি থাকবে। আমি সচেতনভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটা এড়িয়ে চলি; কারণ সংবিধানে বা আইনিভাবে আমরা কোনো নির্দিষ্ট সম্প্রদায় পৃথক হিসেবে স্বীকার করি না। বিশ্বের প্রতিটি দেশেই বিভিন্ন ধর্মের মানুষ বাস করেন এবং সেখানে সংখ্যাগরিষ্ঠ অংশও থাকে। তবে আমরা কাউকে সংখ্যালঘু পরিচয়ে ভূষিত করতে চাই না। আমরা সবাই বাংলাদেশি নাগরিক এই অনন্য পরিচয়টি নতুন করে অনুধাবন করার জন্য চব্বিশ-পরবর্তী বাংলাদেশে যে সংস্কৃতির সূচনা হয়েছে, তার নেতৃত্ব দিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি আরও বলেন, এ দেশের সনাতন, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলিমসহ সকল ধর্মের মানুষ রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছেন। ২০২৪-এর গণঅভ্যুত্থানেও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সব ধর্মের মানুষ একসঙ্গে রক্ত ঝরিয়েছেন।
আপনার মতামত লিখুন :