২ নম্বর গেটে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে রক্ষা


Saimoon Islam প্রকাশের সময় : সেপ্টেম্বর ১২, ২০২৬, ২:০৪ অপরাহ্ন / ১০০০
২ নম্বর গেটে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে রক্ষা

নারায়ণগঞ্জ শহরের ২ নম্বর গেট এলাকায় অগ্রণী ব্যাংকের সামনে একটি বৈদ্যুতিক খুঁটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

 

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টা ৪৮ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পর নারায়ণগঞ্জ সদর ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

 

নারায়ণগঞ্জ সদর ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার সাইফুল ইসলাম জানান, ওই এলাকায় ডেঙ্গু সচেতনতামূলক প্রতিরোধ র‍্যালিতে ফায়ার সার্ভিসের পাঁচ-ছয়জন সদস্য অবস্থান করছিলেন। এর মধ্যেই অগ্রণী ব্যাংকের সামনের বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগার খবর পান তাঁরা।

 

সাইফুল ইসলাম বলেন, ‘খবর পাওয়া মাত্রই আমাদের ফার্স্ট কল ও সেকেন্ড কলের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। খবর পাওয়ার মাত্র দুই মিনিটের মধ্যে আমাদের গাড়ি ঘটনাস্থলে পৌঁছে যায়।’

 

তিনি আরও বলেন, ‘সকাল ১০টা ৫৫ মিনিটে আমরা কাজ শুরু করি এবং মাত্র দুই মিনিটের মধ্যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।’

 

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। দ্রুত নিয়ন্ত্রণে আসায় আগুন আশপাশে ছড়িয়ে পড়েনি এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।