

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গা দখল করে গড়ে ওঠা ফলের দোকানসহ পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন সরকার।
অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মহাসড়কের পাশের সওজের জায়গা দখল করে টংঘরসহ বিভিন্ন ধরনের অবৈধ দোকান নির্মাণ করে আসছিল স্থানীয় কয়েকজন ব্যক্তি। পরে এসব দোকান ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে ভাড়া দিয়ে অর্থ আদায় করা হতো বলে অভিযোগ রয়েছে। অবৈধ স্থাপনার কারণে মহাসড়কের সার্ভিস লেন ও ফিডার রোডে নিয়মিত যানজট সৃষ্টি হয়ে জনদুর্ভোগ বাড়ছিল।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন সরকার বলেন, মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সওজের জায়গা দখল করে গড়ে ওঠা পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এসব স্থাপনার কারণে প্রতিদিন তীব্র যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। সরকারি সম্পত্তি রক্ষা এবং মহাসড়ক যানজটমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :