

সিদ্ধিরগঞ্জে বৃক্ষরোপণ ও অবৈধ স্থাপনা উচ্ছেদ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) দুপুরে সিদ্ধিরগঞ্জে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের ডিএনডি লেক এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে সাখাওয়াত হোসেন খান বলেন, পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, রোপণ করা গাছগুলো যাতে কেউ নষ্ট করতে না পারে, সেদিকেও এলাকার বাসিন্দাদের নজর রাখতে হবে।
তিনি বলেন, আজ যে গাছগুলো রোপণ করা হচ্ছে, সেগুলো বড় হয়ে ভবিষ্যতে ফল দিলে এলাকার মানুষও এর সুফল ভোগ করবেন। এ লক্ষ্যেই বিভিন্ন স্থানে ব্যাপকভাবে গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী ৫০ হাজার গাছ লাগানোর কর্মসূচির কথা উল্লেখ করে রোপণ করা গাছের যত্ন নেওয়ার জন্য উপস্থিত সবার প্রতি আহ্বান জানান।
বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও বিভিন্ন স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাই রাজু, সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম জুয়েলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :