

সিরাতুন্নবী উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাংস্কৃতিক সন্ধ্যা
পবিত্র ১২ রবিউল আউয়াল উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে ‘নাতে রাসূল (সা.)’ ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যায় চাষাঢ়ার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি হাফেজ আব্দুল মোমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জ মহানগরীর অন্যতম উপদেষ্টা মাওলানা মঈনুউদ্দিন আহমাদ।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, রাসূলুল্লাহ (সা.)-এর হামদ ও নাতের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দিতে এ ধরনের আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। রাসূল (সা.)-এর আদর্শ ও সুন্নাহ অনুসরণের মাধ্যমে সমাজে সাম্য, ন্যায়বিচার ও শ্রমিকদের প্রকৃত অধিকার প্রতিষ্ঠা সম্ভব।
তিনি বলেন, সমাজ থেকে অপসংস্কৃতি দূর করে নৈতিক চরিত্রের বিকাশে সুস্থ ধারার ইসলামী সংস্কৃতির চর্চা বাড়াতে হবে। রাসূল (সা.) শ্রমিকের ঘাম শুকানোর আগেই মজুরি পরিশোধের নির্দেশ দিয়েছেন। তাঁর আদর্শ বাস্তবায়নের মাধ্যমেই শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব।
সাংস্কৃতিক সন্ধ্যায় ইসলামী সংগীত ও নাতে রাসূল পরিবেশন করেন দেশের সুপরিচিত শিল্পী এমসি মামুন, অ্যাডভোকেট তাওফিকুল ইসলাম দিপু, আব্দুর রউফ ও নজরুল ইসলাম আমিনী। এছাড়া শিশু শিল্পী সুমাই ও মাহির নাতে রাসূল পরিবেশন করেন।
সংগঠনের মহানগর সাধারণ সম্পাদক সোলায়মান হোসাইন মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী এইচ এম নাসির উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের দক্ষিণ অঞ্চল পরিচালক নুরুল আমিনসহ মহানগর কমিটির নেতৃবৃন্দ।
নাতে রাসূল ও সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয় ঐতিহ্য সাংস্কৃতিক সংসদ, শীতলক্ষ্যা সাহিত্য সাংস্কৃতিক সংসদ, কল্যাণ সাংস্কৃতিক সংসদ ও দেশীয় সাংস্কৃতিক সংসদসহ বিভিন্ন পর্যায়ের শিল্পীরা।
আয়োজনকে ঘিরে সন্ধ্যা থেকেই শহীদ মিনার প্রাঙ্গণে ধর্মপ্রাণ সর্বস্তরের মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।
আপনার মতামত লিখুন :