

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার ফকিরহাট এলাকায় চার লাখ ভোল্টের একটি জাতীয় গ্রিড বিদ্যুৎ টাওয়ারের চূড়া থেকে তানজিব (২৫) নামে এক যুবককে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১টার দিকে স্থানীয় বাসিন্দারা উচ্চ ক্ষমতাসম্পন্ন ওই বিদ্যুৎ টাওয়ারের চূড়ায় এক যুবককে দেখতে পান। ঘটনাটি নজরে আসার পরপরই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।বড় ধরনের দুর্ঘটনা এড়াতে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ বিভাগের সঙ্গে যোগাযোগ করে সংশ্লিষ্ট লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় ওই যুবককে নিরাপদে নিচে নামিয়ে আনা সম্ভব হয়।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, টাওয়ার থেকে যুবকটিকে নিরাপদে নামিয়ে আনা হয়েছে। তার পরিচয় শনাক্ত করে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। স্বজনেরা এলে তাকে তাদের জিম্মায় হস্তান্তর করা হবে।
আপনার মতামত লিখুন :