দিনাজপুরে শ্রমিক নেতা গ্রেপ্তার, সড়ক অবরোধ, থানা ঘেরাও


Saimoon Islam প্রকাশের সময় : অগাস্ট ২৭, ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন / ১০০০
দিনাজপুরে শ্রমিক নেতা গ্রেপ্তার, সড়ক অবরোধ, থানা ঘেরাও

দিনাজপুরে শ্রমিক নেতা শেখ বাদশাকে গ্রেপ্তারের ঘটনায় সড়ক অবরোধ করে জেলা থেকে সব রুটে যান চলাচল বন্ধ করে দিয়েছেন শ্রমিকরা। তারা থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে দশটার দিকে থানা ঘেরাও করেন শ্রমিকরা। পুলিশ বাধা দিলে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

এর আগে, বুধবার রাত ৯টার দিকে শ্রমিক নেতা শেখ বাদশাকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। খবর ছড়িয়ে পড়লে বুধবার রাত থেকে পরিবহন শ্রমিকরা দূরপাল্লার যাত্রীবাহী বাসসহ সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয়। বৃহস্পতিবার সকাল থেকে দিনাজপুর শহরের সরকারি কলেজ মোড়, ফুলবাড়ি বাসস্ট্যান্ড, বালুয়াডাঙ্গাসহ শহরের সবকটি প্রবেশপথ যানবাহন দিয়ে ব্যারিকেড দিয়ে রাখেন তারা।

 

আব্দুস সালাম নামে এক শ্রমিক বলেন, শেখ বাদশাকে না ছাড়লে আমরা সড়ক অবরোধ তুলে নেব না। আমরা দ্রুত তার নিঃশর্ত মুক্তি চাই।

 

পরিবহন শ্রমিক নেতা আব্দুল কাইয়ুম বলেন, শেখ বাদশাকে ‘৫ আগস্টের’ মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এটা শ্রমিক সংশ্লিষ্ট কোনো বিষয় নয়, রাজনৈতিক বিষয়। আদালতের মাধ্যমে জামিন নিতে পারে। অবরোধ করে জনগণের ভোগান্তি সৃষ্টি করা ঠিক নয়।

 

দিনাজপুর কোতোয়ালি ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর নবী জানান, শেখ বাদশার বিরুদ্ধে থাকা পূর্বের এক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।