নজরুলের এমপি পদ বাতিলে স্পিকার ও ইসিতে চিঠি দেবে জামায়াত


Saimoon Islam প্রকাশের সময় : জুলাই ২৩, ২০২৬, ৩:২৭ অপরাহ্ন / ১০০০
নজরুলের এমপি পদ বাতিলে স্পিকার ও ইসিতে চিঠি দেবে জামায়াত

নজরুলের এমপি পদ বাতিলে স্পিকার ও ইসিতে চিঠি দেবে জামায়াত

 

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম স্বেচ্ছায় পদত্যাগ না করলে এমপি পদ বাতিলে সংসদের স্পিকার এবং নির্বাচন কমিশনকে (ইসি) জামায়াতে ইসলামী চিঠি দেবে বলে জানিয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

 

বুধবার (২২ জুলাই) সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

 

হামিদুর রহমান আযাদ বলেন, গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী। তাকে সংসদ সদস্য পদও ছাড়তে বলেছে দল।

 

গাজী নজরুল এখন আর জামায়াতের কেউ নন জানিয়ে হামিদুর রহমান আযাদ বলেন, তিনি জামায়াতের এমপি নন। তাই এই বিষয়ে যেসব আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে, সবই নেওয়া হবে।

 

এর আগে বুধবার বিকেল ৪টায় রাজধানীর মিন্টো রোডে অবস্থিত বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে গাজী নজরুলকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়।

 

পরে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি ও সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক বিবৃতিতে দেওয়া হয়।

 

বিবৃতিতে বলা হয়, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করেছে জামায়াত ইসলামী। বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত বিষয়ে সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় তাকে গঠনতন্ত্রের ৬২নং ধারা অনুযায়ী জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়।