

সিসিএসের উদ্যোগে সিদ্ধিরগঞ্জে বাজার মূল্য তালিকা উদ্বোধন, ভোক্তা সচেতনতায় কর্মসূচি
ভোক্তা হলে সচেতন, বন্ধ হবে অনিয়ম, ভোক্তা বাঁচলে বাঁচবে দেশ, সিন্ডিকেটমুক্ত হবে বাংলাদেশ—এই স্লোগানকে সামনে রেখে ভোক্তা অধিকার বিষয়ক সংগঠন কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস), নারায়ণগঞ্জ জেলা-এর উদ্যোগে বাজার মূল্য তালিকা উদ্বোধন ও জনসচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুলাই) বিকেল ৫ টায় সিদ্ধিরগঞ্জের পুল খাজা মার্কেটে আয়োজিত এ অনুষ্ঠানে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা প্রদর্শনের গুরুত্ব, ভোক্তা অধিকার নিশ্চিতকরণ, বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা প্রতিষ্ঠা এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। কর্মসূচিতে বাজার কমিটির নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সিসিএসের সদস্যরা অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য জুয়েল রানা। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১ নং ওয়ার্ড সচিব রাকিবুল ইসলাম রাকিব এবং সিদ্ধিরগঞ্জ পুল খাজা মার্কেটের সভাপতি জয়নাল আবেদীন। এছাড়াও কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) নারায়ণগঞ্জ জেলার কো-অর্ডিনেটর মনিরুল ইসলাম মনিসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ভোক্তাদের সচেতনতার অভাবকে কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত দামে পণ্য বিক্রি করে এবং বিভিন্ন ধরনের অনিয়ম করে থাকে। এসব অনিয়ম রোধে বাজারে দৃশ্যমান স্থানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে ক্রেতারা সহজেই পণ্যের নির্ধারিত মূল্য সম্পর্কে জানতে পারবেন এবং অতিরিক্ত মূল্য আদায়ের সুযোগ অনেকাংশে কমে আসবে।
তারা আরও বলেন, ভোক্তা অধিকার রক্ষায় শুধু সরকারি সংস্থার উদ্যোগ যথেষ্ট নয়। বাজার কমিটি, ব্যবসায়ী, সামাজিক সংগঠন এবং সাধারণ ভোক্তাদের সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও ন্যায্যমূল্যের বাজার ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। প্রত্যেক ব্যবসায়ীকে সঠিক মূল্য তালিকা প্রদর্শন, নির্ধারিত দামে পণ্য বিক্রি এবং ভোক্তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ নিশ্চিত করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, বর্তমান সময়ে বাজারে স্বচ্ছতা নিশ্চিত করতে ভোক্তাদের সচেতন হওয়ার কোনো বিকল্প নেই। একজন সচেতন ভোক্তাই অনিয়ম, অতিরিক্ত মূল্য আদায় এবং প্রতারণার বিরুদ্ধে সবচেয়ে বড় শক্তি। তাই সবাইকে নিজের অধিকার সম্পর্কে জানতে হবে এবং অন্যদেরও সচেতন করতে হবে।
পরে অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে বাজার মূল্য তালিকা উদ্বোধন করেন। এ সময় বাজারের বিভিন্ন দোকান পরিদর্শন করে ব্যবসায়ীদের মূল্য তালিকা টানানোর আহ্বান জানানো হয় এবং ক্রেতাদের ভোক্তা অধিকার সম্পর্কে সচেতন করা হয়।
অনুষ্ঠানের শেষে সিসিএস নেতৃবৃন্দ বলেন, ভোক্তাদের অধিকার প্রতিষ্ঠা, বাজারে স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং সিন্ডিকেট ও অনিয়মের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখবে। পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতা ও সচেতন অংশগ্রহণের মাধ্যমে একটি ন্যায্য, সুষ্ঠু ও ভোক্তাবান্ধব বাজার ব্যবস্থা প্রতিষ্ঠার আশাবাদ ব্যক্ত করেন তারা।
আপনার মতামত লিখুন :