বন্দরে নিখোঁজের ৬ দিন পর ডোবা থেকে অটোরিকশা চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার


Saimoon Islam প্রকাশের সময় : জুলাই ৪, ২০২৬, ৪:০৭ অপরাহ্ন / ১০০০
বন্দরে নিখোঁজের ৬ দিন পর ডোবা থেকে অটোরিকশা চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজের ছয় দিন পর একটি পরিত্যক্ত ডোবা থেকে মাছুম রানা (৩৫) নামে এক অটোরিকশা চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

শনিবার (৪ জুলাই) সকালে উপজেলার মদনগঞ্জ-মদনপুর মহাসড়কের পাশে ঢাকেশ্বরী রোড এলাকার একটি পরিত্যক্ত ডোবায় মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে বন্দর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরিবারের সদস্যরা মরদেহটি মাছুম রানার বলে শনাক্ত করেন।

 

নিহত মাছুম রানা উপজেলার সোনাচরা এলাকার বাচ্চু মিয়ার ছেলে। তিনি পেশায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক ছিলেন।

 

নিহতের স্ত্রী সুমা আক্তার জানান, গত সোমবার বাড়ি থেকে বের হওয়ার পর থেকে মাছুম নিখোঁজ ছিলেন। পরে এ ঘটনায় বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। তার অভিযোগ, পূর্বশত্রুতার জেরে কয়েকজন ব্যক্তি কৌশলে তাকে বাসা থেকে ডেকে মোটরসাইকেলে তুলে নিয়ে অপহরণ করে। পরে তাকে কুপিয়ে হত্যা করে মরদেহ গুমের উদ্দেশ্যে ডোবায় ফেলে রাখা হয়। তিনি হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 

ঘটনাস্থল পরিদর্শন শেষে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, মরদেহটি কয়েকদিন আগের। নিহতের গলা, হাত ও পায়ের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে।

 

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।