সিদ্ধিরগঞ্জে স্কুল ছাত্রী স্বপ্না হত্যাকাণ্ডের বিচার দাবিতে সংবাদ সম্মেলন


Saimoon Islam প্রকাশের সময় : জুন ২৫, ২০২৬, ৪:১৭ অপরাহ্ন / ১০০০
সিদ্ধিরগঞ্জে স্কুল ছাত্রী স্বপ্না হত্যাকাণ্ডের বিচার দাবিতে সংবাদ সম্মেলন

সিদ্ধিরগঞ্জে স্কুল ছাত্রী স্বপ্না হত্যাকাণ্ডের বিচার দাবিতে সংবাদ সম্মেলন

 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজীনগর এমডব্লিউ স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী স্বপ্না হত্যাকাণ্ডের বিচার এবং প্রকৃত হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তার পরিবার।

 

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের এই সংবাদ সম্মেলন করেন তারা।

 

সংবাদ সম্মেলনে স্বপ্নার মা জানান, ২০২৪ সালের ৩০ এপ্রিল সকালে স্বপ্না স্কুলের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। পরে সকাল ৯টা ৪৫ মিনিটে বাসায় ফিরে আসার পর রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। নিখোঁজের দুই দিন পর, ২ মে দুপুরে বাড়ির পাশের একটি পরিত্যক্ত স্থান থেকে প্লাস্টিকের বস্তাবন্দি অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। স্কুল ড্রেস দেখে স্বপ্নার বাবা মোহাম্মদ খোকা মরদেহ শনাক্ত করেন।

 

পরিবারের অভিযোগ, মরদেহ উদ্ধারের পর তদন্তের শুরুতেই তাদের সন্দেহভাজন হিসেবে থানায় নিয়ে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ করা হয় এবং হয়রানির শিকার হতে হয়। পরে স্বপ্নার মা বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

 

ভুক্তভোগী পরিবার জানায়, ঘটনার তদন্তের দায়িত্ব প্রথমে র‍্যাব-১১ এবং পরে সিআইডিকে দেওয়া হলেও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও প্রকৃত হত্যাকারীদের শনাক্ত করা সম্ভব হয়নি। এতে তারা চরম হতাশা প্রকাশ করেন।

 

স্বপ্নার মা বলেন, “একজন মা হিসেবে আজও আমি আমার মেয়ের হত্যার বিচার পাইনি। তদন্তের নামে আমাদের পরিবারকে হয়রানি করা হয়েছে। আমরা চাই সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক।”

 

সংবাদ সম্মেলনে পরিবার স্বপ্না হত্যাকাণ্ডের পুনঃতদন্ত, দ্রুত অপরাধীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। একই সঙ্গে তারা গণমাধ্যম ও প্রশাসনের সহযোগিতা কামনা করে বলেন, বিচার না পাওয়া পর্যন্ত তাদের আন্দোলন ও আইনি লড়াই অব্যাহত থাকবে।