
বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে
স্কুল দপ্তরীর মর্মান্তিক মৃত্যু: আহত ২
নিজস্ব প্রতিবেদক, বন্দর: নারায়ণগঞ্জের বন্দর উপজেলার পূর্ব হাজীপুর এলাকায় টিউবওয়েল বসানোর কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহমদ আলী (৪০) নামে এক স্কুল দপ্তরীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার ৩ জুন সকাল ৯টার দিকে হাজীপুর কবরস্থান রোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আহমদ আলী হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী হিসেবে কর্মরত ছিলেন। তিনি ওই এলাকার মৃত আমানুল্লাহ মেম্বারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে পূর্ব হাজীপুর কবরস্থান রোডের বাসিন্দা মোহাম্মদ রাজুর বাড়িতে টিউবওয়েল বসানোর কাজ চলছিল। এসময় টিউবওয়েলের দীর্ঘ লোহার পাইপটি ওপরে তোলার সময় অসাবধানতাবশত মাথার ওপর দিয়ে যাওয়া উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে। এতে পাইপ ধরে থাকা আহমদ আলীসহ তিনজন ছিটকে পড়ে গুরুতর আহত হন।
আহতদের দ্রুত উদ্ধার করে নারায়ণগঞ্জ খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সকাল ১০টা ২০ মিনিটের দিকে আহমদ আলীকে মৃত ঘোষণা করেন। নিহত আহমদ আলীর এই আকস্মিক মৃত্যুতে তাঁর পরিবার ও সহকর্মীদের মাঝে শোকের মাতম চলছে।
দুর্ঘটনায় আহত অন্য দুইজন হলেন জুয়েল (২৮) ও জামান (৪৭)। আহত জুয়েলকে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে এবং জামানকে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে স্থানীয় পুলিশ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আপনার মতামত লিখুন :