ফতুল্লায় দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


Saimoon Islam প্রকাশের সময় : মে ১৭, ২০২৬, ৩:১৯ অপরাহ্ন / ১০০০
ফতুল্লায় দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফতুল্লায় দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

 

নারায়ণগঞ্জের ফতুল্লায় ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৬ মে) রাতে ফতুল্লা মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

 

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলম-এর তত্ত্বাবধানে এএসআই মনোয়ার হোসেনের নেতৃত্বে একটি আভিযানিক দল রাত আনুমানিক ১০টা ৩৫ মিনিটে দক্ষিণ শিয়াচর এলাকায় অভিযান পরিচালনা করে।

 

এসময় দক্ষিণ শিয়াচরের মন্টু মল্লিকের বাড়ির সামনে পাকা রাস্তা থেকে মো. কামাল হোসেন (৫২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি দক্ষিণ শিয়াচর এলাকার মৃত বিরাজের ছেলে।

 

পুলিশের দাবি, আটক ব্যক্তির হাতে থাকা একটি প্লাস্টিকের বাজারের ব্যাগে নীল পলিথিনে কস্টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা পাওয়া যায়। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।

 

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনের আরও ছয়টি মামলা বিচারাধীন রয়েছে।