ফতুল্লায় ডিশ ক্যাবল ব্যবসায়ীকে নিজ অফিসে ঢুকে ছুরিকাঘাতে হত্যা


Saimoon Islam প্রকাশের সময় : মে ১৪, ২০২৬, ৩:০১ অপরাহ্ন / ১০০০
ফতুল্লায় ডিশ ক্যাবল ব্যবসায়ীকে নিজ অফিসে ঢুকে ছুরিকাঘাতে হত্যা

ফতুল্লায় ডিশ ক্যাবল ব্যবসায়ীকে নিজ অফিসে ঢুকে ছুরিকাঘাতে হত্যা

 

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার চাঁদমারী মাউড়াপট্টি এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে নাছির (৬০) নামের এক ডিশ ও ক্যাবল ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

 

ঘটনার পর স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে শহ‌রের খানপুরে ৩০০ শয‌্যা হাসপাতালের জরু‌রি বিভা‌গে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

পুলিশ জানিয়েছে, পাশের একটি বাড়ি থেকে কালো হাতলযুক্ত রক্তমাখা একটি ছুরি উদ্ধার করা হয়েছে। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।

 

নিহত নাছির ওই এলাকার মৃত সাইজ্জদিনের ছেলে। তিনি মাউড়াপট্টিতে “ফ্রেন্ডস ক্যাবল” নামের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতেন।

 

স্থানীয়দের বরাতে জানা গেছে, প্রতিদিনের মতো নাছির তার দোকানে ছিলেন। দুপুর ১টার দিকে হঠাৎ চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

 

প্রত্যক্ষদর্শী অটোরিকশা চালক আলাউদ্দিন বলেন, তিনি একজনকে কালো পাঞ্জাবি পরা অবস্থায় রক্তমাখা ছুরি হাতে ঘটনাস্থল থেকে দ্রুত দৌড়ে মাইক্রোস্ট্যান্ডের দিকে যেতে দেখেছেন।

 

ফতুল্লা মডেল থানার ওসি মাহাবুব আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে। হত্যাকাণ্ডের কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।