সদরে ১০০ প্রাথমিক বিদ্যালয়ে চারা বিতরণ, পরিচ্ছন্নতা অভিযান


Saimoon Islam প্রকাশের সময় : জুলাই ২৫, ২০২৬, ৫:৪৫ অপরাহ্ন / ১০০০
সদরে ১০০ প্রাথমিক বিদ্যালয়ে চারা বিতরণ, পরিচ্ছন্নতা অভিযান

নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ১০০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫০০টি গাছের চারা বিতরণ এবং দুটি বিদ্যালয়ে ডিজিটাল ইন্টারেক্টিভ বোর্ড প্রদান করা হয়েছে। একই সঙ্গে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে উপজেলা জুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

 

শনিবার (২৫ জুলাই) সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। চারা বিতরণের পাশাপাশি কুতুব আইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাসদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি করে ডিজিটাল ইন্টারেক্টিভ বোর্ড দেওয়া হয়।

 

এছাড়া সদর উপজেলা পরিষদ ও উপজেলার সব ইউনিয়ন পরিষদে একযোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি শনিবার এ কর্মসূচি চালিয়ে যাচ্ছে উপজেলা প্রশাসন।

 

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন আহমেদ জানান, আগামীকাল উপজেলার ১২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ সব মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় শিক্ষার্থীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে। এছাড়া প্রতিটি ওয়ার্ড এবং শিক্ষা প্রতিষ্ঠানে স্বেচ্ছাসেবী দল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে, যা আগামী ১৫ কার্যদিবসের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।