

ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধ, জলাবদ্ধতা নিরসন এবং শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বাড়াতে নারায়ণগঞ্জ সদর উপজেলার কমর আলী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে পরিচ্ছন্নতা অভিযান ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ জুলাই) আয়োজিত এ কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের অংশগ্রহণে শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা, ডেঙ্গু প্রতিরোধে করণীয় এবং জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির। তিনি ডেঙ্গু প্রতিরোধে নিজেদের বাসাবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশ পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও যেন পরিষ্কার পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. ফয়েজ উদ্দিন।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :