আজ হানাদারমুক্ত হয় রাজাপুর, ৫৫ বছরেও সংরক্ষণ হয়নি বধ্যভূমি


Saimoon Islam প্রকাশের সময় : নভেম্বর ২৩, ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন / ১০০০ Views
আজ হানাদারমুক্ত হয় রাজাপুর, ৫৫ বছরেও সংরক্ষণ হয়নি বধ্যভূমি

১৯৭১ সালের ২৩ নভেম্বর। পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ প্রতিরোধ ও সম্মুখযুদ্ধের পর শত্রুমুক্ত হয় ঝালকাঠির রাজাপুর। বৃহত্তর বরিশাল অঞ্চলের মধ্যে এদিনই সর্বপ্রথম স্বাধীনতার স্বাদ পায় রাজাপুরের মানুষ। তবে স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বধ্যভূমি ও গুরুত্বপূর্ণ স্থানগুলো আজও সংরক্ষণের উদ্যোগের অপেক্ষায় রয়েছে। ফলে নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরা এবং শহীদদের স্মৃতি রক্ষার বিষয়টি নিয়ে ক্ষোভ ও আক্ষেপ রয়েছে স্থানীয় মুক্তিযোদ্ধাদের।

 

মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় রাজাপুর ছিল ৯ নম্বর সেক্টরের বরিশাল সাব-সেক্টরের আওতাধীন। সাব-সেক্টরের দায়িত্বে ছিলেন ক্যাপ্টেন মোহাম্মদ শাহজাহান ওমর। উপজেলার কানুদাসকাঠিতে তিনি মুক্তিযোদ্ধাদের একটি ঘাঁটি গড়ে তোলেন। ১৪ নভেম্বরের পর রাজাপুরে মুক্তিযোদ্ধাদের প্রতিরোধ ও আক্রমণ আরও তীব্র হয়ে ওঠে। দেশীয় দোসরদের সহযোগিতায় পাকিস্তানি হানাদার বাহিনী সাধারণ মানুষকে ধরে এনে নির্যাতন ও হত্যা করত। থানা ঘাটসংলগ্ন বধ্যভূমির কাছে নিরীহ মানুষকে বেঁধে গুলি করে নদী ও খালে ফেলে দেওয়া হতো। তৎকালীন কলেজছাত্র আবুল কালাম আজাদকে জাঙ্গালিয়া নদীর পাড়ে গর্ত করে জীবন্ত মাটিচাপা দেওয়ার ঘটনা আজও স্থানীয়দের স্মৃতিতে বেদনাদায়ক অধ্যায় হয়ে আছে।

 

 

এরপর ১৯৭১ সালের ২২ নভেম্বর রাতে রাজাপুর থানা এলাকায় পাকিস্তানি বাহিনীর অবস্থানে চূড়ান্ত আক্রমণ শুরু করেন মুক্তিযোদ্ধারা। তৎকালীন থানা কমান্ডার কেরামত আলী আজাদের নেতৃত্বে প্রায় ৩০০ মুক্তিযোদ্ধা এ যুদ্ধে অংশ নেন। রাতভর চলে পাল্টাপাল্টি গুলি ও তুমুল সম্মুখযুদ্ধ। পরদিন ২৩ নভেম্বর সকাল পর্যন্ত চলে প্রতিরোধ। একপর্যায়ে মুক্তিযোদ্ধাদের প্রবল আক্রমণের মুখে আত্মসমর্পণ করতে বাধ্য হয় পাকিস্তানি হানাদার বাহিনী। শত্রুমুক্ত হয় রাজাপুর থানা। এ যুদ্ধে আব্দুর রাজ্জাক ও হোসেন আলী নামে দুই বীর মুক্তিযোদ্ধা শহীদ হন। আহত হন ক্যাপ্টেন শাহজাহান ওমরসহ অন্তত ২০ জন মুক্তিযোদ্ধা। এ বিজয়ের মধ্য দিয়ে বৃহত্তর বরিশাল অঞ্চলে প্রথম হানাদারমুক্ত হওয়ার গৌরব অর্জন করে রাজাপুর।