আমানকে আশা ভাইয়ের সঙ্গে মিছিলে দেখেছি, আ.লীগ কি না জানি না’: বন্দর ওসি


Saimoon Islam প্রকাশের সময় : নভেম্বর ২২, ২০২৬, ৪:৩৪ অপরাহ্ন / ১০০০
আমানকে আশা ভাইয়ের সঙ্গে মিছিলে দেখেছি, আ.লীগ কি না জানি না’: বন্দর ওসি

আমানকে আশা ভাইয়ের সঙ্গে মিছিলে দেখেছি, আ.লীগ কি না জানি না’: বন্দর ওসি

 

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চললেও নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়ানোর অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা আমান উল্লাহ আমানের বিরুদ্ধে। এমনকি সম্প্রতি স্থানীয় বিএনপির একটি রাজনৈতিক কর্মসূচিতেও তাকে দেখা গেছে বলে অভিযোগ তুলেছেন এলাকাবাসী। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, মদনপুর ইউনিয়নের কেওডালা এলাকার বাসিন্দা ও একটি ইটভাটার মালিক আমান উল্লাহ আমান বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিলেন। মদনপুর ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে পরিচিত এই ব্যক্তি সে সময় মদনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বন্দর থানা ছাত্রলীগের সহ-সভাপতি গাজী এম এ সালাম এবং যুবলীগ নেতা ওয়াহিদুজ্জামান ওহিদের প্রভাবকে কাজে লাগিয়ে কেওডালাসহ মদনপুর এলাকা ও ইটভাটা নিয়ন্ত্রণ করতেন বলে স্থানীয়রা জানান।

 

পারিবারিক সূত্রে তিনি গাজী এম এ সালামের বিয়াই এবং ওয়াহিদুজ্জামান ওহিদের আপন ফুপা হওয়ায় এলাকায় বিশেষ রাজনৈতিক প্রভাব বিস্তার করে বিপুল অর্থবিত্তের মালিক হয়েছেন বলেও স্থানীয়দের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

 

এলাকাবাসী আরও জানান, ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গাজী এম এ সালাম ও ওয়াহিদুজ্জামান ওহিদসহ স্থানীয় প্রভাবশালী নেতারা আত্মগোপনে চলে যান। আমান উল্লাহ আমানও শুরুতে কিছুদিন গা ঢাকা দিয়েছিলেন। তবে স্থানীয়দের দাবি, পরবর্তীতে তিনি কতিপয় বিএনপি নেতার সাথে সমঝোতা করে পুনরায় প্রকাশ্যে আসেন।

 

সর্বশেষ গত ১৯ নভেম্বর আওয়ামী লীগের ডাকা কথিত লকডাউন ও সম্ভাব্য নাশকতা প্রতিহত করতে বন্দরের মদনপুরে অবস্থান কর্মসূচি পালন করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের মতে, সেই কর্মসূচির প্রথম সারিতে আমান উল্লাহ আমানকে দেখা যায়।

এছাড়াও তিনি স্থানীয় কিছু নেতার মাধ্যমে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের রাজনৈতিক সচিব ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশার ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছেন বলে এলাকায় গুঞ্জন রয়েছে।

 

স্থানীয়দের মতে, রাজনৈতিক পটপরিবর্তন হলেও মদনপুরে আমান উল্লাহ আমানের প্রভাব কমেনি, বরং নিজেকে রক্ষা করতে তিনি বর্তমানে বিএনপির ছায়াতলে অবস্থান নেওয়ার চেষ্টা করছেন। এ বিষয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন মহল।

 

এ বিষয়ে জানতে চাইলে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন জানান, “আমান উল্লাহ আমানকে আবুল কাউছার আশা ভাইয়ের সঙ্গে কয়েকটি মিছিল করতেও দেখেছি। যেহেতু আমি আজকেই শুনলাম, সে আওয়ামী লীগ কি না তা জানি না; তার বিষয়ে খোঁজখবর নিয়ে তারপর দেখব।”

এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন মহল।