এইচএসসি পুনঃনিরীক্ষণের ফল সোমবার, জানবেন যেভাবে


Saimoon Islam প্রকাশের সময় : নভেম্বর ২২, ২০২৬, ১:৫০ অপরাহ্ন / ১০০০
এইচএসসি পুনঃনিরীক্ষণের ফল সোমবার, জানবেন যেভাবে

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের সোমবার (২৩ নভেম্বর) প্রকাশ করা হবে। এদিন বেলা ১১টায় ফল প্রকাশের কথা জানিয়েছে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ।

শনিবার (২১ নভেম্বর) বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

তিনি জানান, পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে পুনঃনিরীক্ষণের ফল দেখতে পারবেন। পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া গেলে কেন্দ্রীয়ভাবেও ফল প্রকাশের ব্যবস্থা করা হতে পারে।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু জানান, ফল প্রকাশের জন্য প্রয়োজনীয় সব কার্যক্রম শেষ হয়েছে। আগের বছরের মতো এবারও ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফল প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফল দেখার চূড়ান্ত পদ্ধতি সম্পর্কে বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের জন্য দেশের ১১টি শিক্ষা বোর্ডে মোট ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এসব আবেদনের বিপরীতে পুনঃনিরীক্ষণের জন্য জমা পড়েছে ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র।

বোর্ডভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি আবেদন পড়েছে ঢাকা শিক্ষা বোর্ডে। এ বোর্ডে ৩ লাখ ৩৫ হাজার ৮৭৯টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন জমা হয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড। এ বোর্ডে আবেদন পড়েছে ১ লাখ ১৭ হাজার ৭০০টি।

এ ছাড়া রাজশাহী বোর্ডে ১ লাখ ৯ হাজার ৯৭১টি, যশোর বোর্ডে ৯৭ হাজার ৬১৮টি, কুমিল্লা বোর্ডে ৯২ হাজার ৭৭৬টি, দিনাজপুর বোর্ডে ৮৯ হাজার ৪২০টি, ময়মনসিংহ বোর্ডে ৭১ হাজার ৭৬২টি, বরিশাল বোর্ডে ৫৩ হাজার ৪০৯টি, সিলেট বোর্ডে ৫১ হাজার ২৪৩টি, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪০ হাজার ৮৩০টি এবং কারিগরি শিক্ষা বোর্ডে ২৬ হাজার ৮০৬টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন জমা পড়েছে।

গত ৩১ অক্টোবর ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এবার পরীক্ষায় অংশ নেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী। তাদের মধ্যে উত্তীর্ণ হন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। অকৃতকার্য হন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন। এবার গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।

ফল প্রকাশের পরদিন ১ নভেম্বর থেকে পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ শুরু হয়, যা চলে ৮ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে বিপুলসংখ্যক শিক্ষার্থী তাদের উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেন।

সোমবার বেলা ১১টার পর শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে পুনঃনিরীক্ষণের ফল জানতে পারবেন।