

ভোরের আলো তখনো পুরোপুরি ছড়িয়ে পড়েনি। ফজরের নামাজ শেষে প্রতিদিনের মতো হাঁটতে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বাড়ির মালিক আলী হোসেন সিকদার। খুললেন বাড়ির প্রধান ফটক। কিন্তু গেটের বাইরে চোখ পড়তেই থমকে গেলেন তিনি।
ফটকের পূর্ব পাশে সাদা কাপড়ে মোড়ানো মানুষের আদলে একটি পুতুল পড়ে আছে। চারপাশে ময়দা দিয়ে আঁকা বৃত্ত, তার ভেতরে ছড়ানো গোলাপজল, মোমবাতি, আগরবাতি ও সিঁদুর। ধানের খড় দিয়ে তৈরি পুতুলটির শরীরে গেঁথে রাখা হয়েছে ১৪টি বেল কাঁটা।
অস্বাভাবিক এই দৃশ্য দেখে বিস্মিত ও আতঙ্কিত হয়ে পড়েন বাড়ির সদস্যরা। মুহূর্তেই খবর ছড়িয়ে পড়লে বাড়ির সামনে ভিড় জমাতে থাকেন আশপাশের গ্রামের মানুষ। কারা এবং কী উদ্দেশ্যে রাতের আঁধারে এমন কাণ্ড ঘটিয়েছে; এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সবার মুখে।
রোববার (২২ নভেম্বর) সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শিরিশগুড়ি গ্রামের আলী হোসেন সিকদারের বাড়িতে এ ঘটনা ঘটে। রহস্যজনক ওই বস্তুটি কে বা কারা সেখানে রেখে গেছে এবং এর পেছনে কী উদ্দেশ্য ছিল, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
বাড়ির মালিক আলী হোসেন সিকদার জানান, শনিবার রাত ৯টার দিকে বাড়ির প্রধান ফটকে তালা লাগানো হয়েছিল। পরে বাড়িতে আসা অতিথি ও পরিবারের সদস্যদের সঙ্গে গল্প করে রাত ১২টার দিকে সবাই ঘুমিয়ে পড়েন। সকালে ফজরের নামাজ শেষে হাঁটার জন্য গেট খুলতেই অদ্ভুত বস্তুটি দেখতে পান।
তিনি বলেন, ‘আমার কারও সঙ্গে কোনো বিরোধ নেই। কে বা কারা এমন ঘটনা ঘটিয়েছে, তা বুঝতে পারছি না।’
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী আলী আজগর জানান, লোকমুখে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে দেখেন, ময়দা দিয়ে একটি বৃত্ত তৈরি করা হয়েছে, যা আবার চার ভাগে বিভক্ত। মাঝখানে ধানের খড় দিয়ে তৈরি মানুষের আদলে একটি পুতুল সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় রাখা হয়েছে এবং সেটির শরীরে ১৪টি বেল কাঁটা গেঁথে রাখা হয়েছে।
তিনি আরও জানান, একটি বাড়ির ফটকের সামনে রাতের আঁধারে এমন বস্তু রেখে যাওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে। তবে এটি কোনো কুসংস্কারমূলক কর্মকাণ্ড, ভয় দেখানোর চেষ্টা, নাকি অন্য কোনো উদ্দেশ্যে করা হয়েছে তা এখনো অজানা।
এ বিষয়ে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’
আপনার মতামত লিখুন :